নিজস্ব প্রতিবেদক সিলেট
শেখ মুজিবুরের কবরে বিএনপি নেতার পুষ্পস্তবক অর্পণের ছবি ভাইরাল সিলেট জেলা বিএনপির সহধর্মবিষয়ক সম্পাদক আহমদ সুলেমান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করেছেন এমন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হলে আলোচনার জন্ম দেয়।
বিএনপির এই নেতার সঙ্গে সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রনজিত সরকারসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একাধিক নেতার ঘনিষ্ঠতার ছবিও ভাইরাল হয়েছে।
এর আগেও তিনি নানা কারণে আলোচনায় ছিলেন। প্রায় দু’বছর আগে দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বহিষ্কারও হয়েছিলেন।
পরে অবশ্য কয়েক মাস পর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে বিএনপি।
এদিকে, সম্প্রতি সিলেটজুড়ে আলোচনায় ছিলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য রনজিত সরকার।
তিনি সীমান্ত এলাকার একটি রিসোর্টে গোপনে সমাবেশ করে আলোচনায় আসেন।
রনজিত সরকারকে নিয়ে আলোচনার রেশ এখনো শেষ হয়নি। এরই মধ্যে বঙ্গবন্ধুর কবরে পুষ্পস্তবক অর্পণ ও রনজিত সরকারের সঙ্গে ঘনিষ্ঠতার ছবি ভাইরাল হয়ে নতুন করে আলোচনায় এসেছেন বিএনপির এই নেতা।
একাধিক সূত্র জানায়, সিলেট আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে আহমদ সুলেমানের ঘনিষ্ঠতা রয়েছে।
মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সাবেক সংসদ সদস্য রনজিত সরকার এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজসহ একাধিক নেতার সঙ্গে তার ঘনিষ্ঠতার গুঞ্জন রয়েছে।
তাদের সঙ্গে ঘনিষ্ঠতার ছবি এর আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হয়েছিল।
বিএনপির একটি সূত্র জানায়, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আহমদ সুলেমানকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়।
জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী স্বাক্ষরিত পত্রে সাময়িক বহিষ্কারের আদেশ দেওয়া হয়।
এ ছাড়া কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে জন্য কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছিল।
এদিকে, আহমদ সুলেমান একসময় জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে একাধিক সূত্র জানায়।
তবে তিনি কোনো দায়িত্বশীল পদে ছিলেন কি না, তা জানা যায়নি।
গত আওয়ামী লীগ সরকারের সময়ে জামায়াত-শিবিরের ওপর দমন-পীড়ন শুরু হলে তিনি কৌশলে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন।
তখন তিনি সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি মামুনুর রশীদের (চাকসু মামুন) হাত ধরে কানাইঘাট উপজেলা বিএনপির সদস্য হন।
এরপর জেলার নেতাদের সঙ্গে সখ্য গড়ে জেলা বিএনপির সহধর্মবিষয়ক সম্পাদকের পদ বাগিয়ে নেন।
কানাইঘাট উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান বলেন, বিএনপির খাঁটি কোনো কর্মী শেখ মুজিবের কবরে পুষ্পস্তবক অর্পণের জন্য সিলেট থেকে গোপালগঞ্জে যাবেন না।
আর যদি কেউ যান, তিনি সুবিধাভোগী। এমনকি গুপ্তও হতে পারেন। এ ব্যাপারে আহমদ সুলেমান বলেন, এসব ছবি অনেক পুরোনো।
সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য একটি মহল উদ্দেশ্যমূলকভাবে নতুন করে বিতর্ক তৈরির চেষ্টা করছে।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জেলার দায়িত্বশীল সভাপতি বা সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।
এ ব্যাপারে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।