নিজস্ব প্রতিবেদক,রংপুর
মাঠজুড়ে পাকা ধানের সোনালী আভা। কৃষকের স্বপ্ন ছিল ধান কেটে ঘরে তুলবেন, গোলাভরা ধানে ভরে উঠবে সংসার।
কিন্তু সেই স্বপ্নে বাধা হয়ে দাঁড়িয়েছে হঠাৎ বৃষ্টি। বৃষ্টির পানিতে ভিজে গেছে মাঠে কেটে রাখা ও বাড়ির উঠানে শুকাতে দেওয়া ধান।
এতে বিপাকে পড়েছেন ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার কৃষকরা।
শনিবার (২১ নভেম্বর) একদিনের বৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের পাকা ও কাটা ধান ভিজে যায়।
অনেক কৃষক ধান কাটার প্রস্তুতি নিচ্ছিলেন, আবার কেউ কেউ কাটা ধান শুকানোর কাজে ব্যস্ত ছিলেন। এরই মধ্যে বৃষ্টির হানায় তাদের সেই কাজে বিঘ্ন ঘটে।
কৃষকদের আশঙ্কা, বৃষ্টিতে ভিজে যাওয়া ধান দ্রুত শুকাতে না পারলে ধানে পচন ধরতে পারে।
এতে ধানের গুণগত মান কমে যাওয়ার পাশাপাশি বাজারে ন্যায্য দাম পাওয়া নিয়েও শঙ্কা তৈরী হয়েছে।
কৃষকদের কাছে এই ধান শুধু একটি ফসল নয়, বরং সারা বছরের পরিশ্রম, পরিবারের খাদ্য ও জীবিকার অন্যতম অবলম্বন। তাই ফসল ঘরে তোলার গুরুত্বপূর্ণ সময়ে বৃষ্টিতে ধান ভিজে যাওয়ায় তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।
স্থানীয় কৃষকরা দ্রুত আবহাওয়া স্বাভাবিক হয়ে রোদ উঠার প্রত্যাশা করছেন।
তাদের আশা, রোদ উঠলে ভিজে যাওয়া ধান শুকিয়ে কোনো ধরণের বড় ক্ষতি ছাড়াই ঘরে তুলতে পারবেন।
একদিকে সোনালি ধান ঘরে তোলার আনন্দ, অন্যদিকে বৃষ্টির পানিতে সেই ধান ভিজে যাওয়ার দুশ্চিন্তা—এভাবেই প্রকৃতির অনিশ্চয়তার সঙ্গে লড়াই করছেন পীরগঞ্জের কৃষকেরা।