মহসিন শামিম
দক্ষিণ ভারতের বিয়ের একটি প্রচলিত রীতি নিয়ে মন্তব্য করে আলোচনায় এসেছেন অভিনেত্রী রাধিকা আপ্তে।
এ নিয়ে তৈরি হওয়া বিতর্কে জড়িয়েছেন কীর্তি সুরেশও।
এক সাক্ষাৎকারে রাধিকার বক্তব্যের সময় হেসে সম্মতি জানিয়েছিলেন কীর্তি।
এরপর তাঁর মন্তব্য নিয়ে নানা প্রশ্ন ওঠে। এবার নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন এই অভিনেত্রী।
দক্ষিণ ভারতের কয়েকটি এলাকায় মামার সঙ্গে ভাগ্নির বিয়ের প্রচলন রয়েছে।
বিশেষ করে বোনের মেয়েকে বিয়ে করার এই প্রথা ‘মামান কল্যাণম’ নামে পরিচিত। এ ধরনের বিয়েতে পাত্রকে বলা হয় ‘মুরাই মামান’।
সম্প্রতি এক সাক্ষাৎকারে দক্ষিণী সিনেমায় কাজ করার অভিজ্ঞতা জানাচ্ছিলেন রাধিকা।
সেখানে তিনি বলেন, একটি তেলুগু সিনেমায় অভিনয় করতে গিয়ে পর্দায় নিজের মামার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে হয়েছিল তাঁকে।
বিষয়টি তাঁর একেবারেই ভালো লাগেনি। এমনকি অনেক কষ্ট করে দৃশ্যগুলোতে অভিনয় করতে হয়েছিল বলে জানান তিনি।
ওই সিনেমায় রাধিকার মামার চরিত্রে অভিনয় করেছিলেন দক্ষিণী তারকা নন্দমুরি বালকৃষ্ণ। রাধিকার বক্তব্যের সময় পাশেই ছিলেন কীর্তি।
তাঁর কথা শুনে হেসে কীর্তি বলেছিলেন, তামিল ও তেলুগু সংস্কৃতিতে মামাকে বিয়ে করার রীতি রয়েছে। এরপর থেকেই কীর্তির এই মন্তব্য নিয়ে আলোচনা শুরু হয়।
সম্প্রতি নিজের নতুন ছবি ‘সত্যবান সাবিত্রী’র সংবাদ সম্মেলনে তাঁকে এ বিষয়ে প্রশ্ন করা হয়।
রাধিকার মন্তব্যের সময় কেন তিনি জোরালো প্রতিবাদ করেননি, সেই প্রশ্নও তোলা হয়। জবাবে কীর্তি জানান, প্রথমে রাধিকার বক্তব্যের অর্থ তিনি বুঝতে পারেননি।
তাঁর ভাষায়, ‘রাধিকা যখন বলেছিলেন, “আমাকে ছবিতে মামার সঙ্গে প্রেমের দৃশ্যে অভিনয় করতে হয়েছে”, তখন আমি ঠিক বুঝতে পারিনি উনি কী বলতে চাইছেন।
পরে বুঝতে পারি, তিনি আমাদের সংস্কৃতির একটি রীতির কথা বলছেন। সেই সংস্কৃতি সম্পর্কে তাঁর জানা নেই। তাই আমি শুধুই জানিয়েছিলাম, দক্ষিণ ভারতের কিছু অঞ্চলে এমন রীতি রয়েছে।’
কীর্তি জানান, ওই সময় রাধিকাকে তিনি আরও বলেছিলেন, এ ধরনের প্রথা শুধু তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে রয়েছে, কেরালায় নয়।
এ বিষয়ে কীর্তি বলেন, ‘হ্যাঁ, কেরালায় এ রীতি নেই। উত্তর ভারতের কেউ যদি আমাদের সংস্কৃতি সম্পর্কে না জানেন, আমি তাঁকে বিষয়টি বুঝিয়ে বলতে পারি।
কিন্তু সেটা কাউকে জোর করে প্রমাণ করতে পারি না। তাঁকে এভাবে কথা বলতে বারণও করতে পারি না।
তাই রাধিকাকে বোঝানোর চেষ্টা করেছিলাম—তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে এমনটা হয়। কর্ণাটকে হয় কি না, তা আমার জানা নেই। আমি বিষয়টি শুধু তথ্য হিসেবেই জানিয়েছিলাম।’
এর আগে ওই সাক্ষাৎকারে রাধিকা বলেছিলেন, ‘একটি তেলুগু ছবিতে অভিনয় করেছিলাম।
সেখানে নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল আমার চরিত্রটিকে।
ছবিটিতে অভিনয় করা আমার কাছে ভীষণ কঠিন ছিল। ওই ছবির কোনো কিছুই আমার ভালো লাগেনি।’