আ জা আন্তর্জাতিক ডেক্স
বিশ্বকাপের সেমিফাইনালের মহারণ শুরুর আগেই আত্মবিশ্বাসী বার্তা ছুড়ে দিলেন স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল।
তার দাবি, আসন্ন লড়াইয়ে ভয় পাওয়ার কথা স্পেনের নয়, বরং ফ্রান্সেরই সতর্ক থাকা উচিত।
শনিবার (১১ জুলাই) ফক্স স্পোর্টসের এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।
বাংলাদেশ সময় আগামী বুধবার (১৫ জুলাই) রাত ১টায় টেক্সাসের আর্লিংটনে ২০২৬ ফিফা বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ইউরোপের দুই ফুটবল পরাশক্তি স্পেন ও ফ্রান্স। শেষ আটের লড়াইয়ে শুক্রবার বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে শেষ চারে জায়গা নিশ্চিত করে স্পেন।
ম্যাচের ৮৮তম মিনিটে জয়সূচক গোলটি করেন মিকেল মেরিনো। অন্যদিকে, বৃহস্পতিবার মরক্কোকে ২-০ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের টিকিট কেটে নেয় ফ্রান্স।
এবার মাঠের লড়াইয়ের আগেই কথার লড়াইয়ে এগিয়ে গেলেন বার্সেলোনার উইঙ্গার ইয়ামাল।
কোয়ার্টার ফাইনালে জয় নিশ্চিত হওয়ার পর সোফাই স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আত্মবিশ্বাসী কণ্ঠে তিনি বলেন, ফরাসিদেরই স্পেনকে সমীহ করা উচিত।
আগামী সোমবার ১৯ বছরে পা দিতে যাওয়া ইয়ামাল বলেন, “ফ্রান্স যদি কাউকে ভয় পায়, তবে সেটা আমাদেরই পাওয়া উচিত। এর আগে আমরা ওদের টুর্নামেন্ট থেকে বিদায় করেছি, পরপর দুবার হারিয়েছি।
সত্যি বলতে, আমার মনে হয় আমরাই এবারের বিশ্বকাপের সেরা দুটি দল। তাই দেখা যাক বুধবারে কী হয়, তবে আমাদের মনে কোনও ভয় নেই।”
স্পেনের খেলার ধরন নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি আরও বলেন, “হয়তো মনে হতে পারে যে আমরা দুর্দান্ত খেলছি না, কিন্তু আমরা যে দলের বিপক্ষেই খেলি না কেন, তারা আমাদের সামনে ডিফেন্সিভ হয়ে পড়ে।
স্পেনের সঙ্গে কোনও দল সমান তালে (সেয়ানে সেয়ানে) লড়াই করতে আসেনি।” জয়ের গুরুত্ব তুলে ধরে ইয়ামাল যোগ করেন, “দিনশেষে আজ আমরা আবারও জয় পেয়েছি। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।”
স্পেনের জন্য এটি বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় সেমিফাইনাল। ২০১০ সালে শিরোপা জয়ের পর এবারই প্রথম শেষ চারে উঠেছে তারা।
অন্যদিকে, ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স এবং ২০২২ কাতার বিশ্বকাপের রানার্সআপরা টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে।
স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তেও প্রতিপক্ষকে সমীহ করলেও নিজের দলের সামর্থ্যের ওপর আস্থা রেখেছেন। তিনি বলেন, ‘পরবর্তী ম্যাচ নিয়ে প্রত্যাশা অনেক বেশি।
আমরা এই ম্যাচের দিকেই মনোযোগ দিচ্ছি এবং আমাদের প্রতিপক্ষের সামর্থ্য সম্পর্কে ভালোভাবেই জানি। তবে এটাও পরিষ্কার যে, আমরা ফ্রান্সকে হারাতে সক্ষম।’
তিনি আরও বলেন, ‘আমাদের মানসম্পন্ন খেলোয়াড় আছে এবং এটি আবারও একটি সেমিফাইনাল। এর আগে আমরা তাদের বিপক্ষে সেমিফাইনাল খেলেছি এবং সফল হয়েছি।
ম্যাচটি খুব কঠিন হবে। এটি হবে শক্তি ও গতির লড়াই। আমাদের নিজেদের সেরা রূপে খেলতে হবে।’