আ জা আন্তর্জাতিক ডেক্স
২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালকে সামনে রেখে টিকিটের পুনর্বিক্রয় (রিসেল) বাজারে বড় ধরনের মূল্যপতন দেখা গেছে।
সবচেয়ে আলোচিত আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের টিকিটের দামও উল্লেখযোগ্যভাবে কমেছে।
টিকিট পুনর্বিক্রয় প্ল্যাটফর্ম টিকপিক–এর তথ্য অনুযায়ী, কানসাস সিটিতে অনুষ্ঠিতব্য আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের সর্বনিম্ন রিসেল টিকিটের বর্তমান মূল্য ১ হাজার ১৪২ মার্কিন ডলার।
অথচ শেষ ষোলোর আগে একই টিকিটের দাম ছিল ২ হাজার ৩৮১ ডলার। অর্থাৎ, টিকিটের দাম কমেছে ১ হাজার ২৩৯ ডলার বা প্রায় ৫২ শতাংশ।
শুধু আর্জেন্টিনার ম্যাচই নয়, কোয়ার্টার ফাইনালের অন্য ম্যাচগুলোর টিকিটের দামেও বড় পতন দেখা গেছে।
ক্যালিফোর্নিয়ার ইংলউডে অনুষ্ঠিতব্য স্পেন-বেলজিয়াম ম্যাচের সর্বনিম্ন রিসেল টিকিটের দাম নেমে এসেছে ১ হাজার ৩৮১ ডলারে। যুক্তরাষ্ট্র শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার আগে এই ম্যাচের সর্বনিম্ন টিকিটের দাম ছিল ৩ হাজার ২৬১ ডলার। ফলে দাম কমেছে প্রায় ৫৮ শতাংশ।
অন্যদিকে, ফ্লোরিডার মায়ামি গার্ডেন্সে অনুষ্ঠিতব্য ইংল্যান্ড-নরওয়ে ম্যাচের সর্বনিম্ন টিকিটের মূল্য এখন ২ হাজার ৪৯ ডলার।
ইংল্যান্ড কোয়ার্টার ফাইনালে ওঠার আগে একই টিকিটের দাম ছিল ৩ হাজার ৮৬৬ ডলার, যা আগের তুলনায় প্রায় ৪৭ শতাংশ কম।
বিশ্লেষকদের মতে, সহ-আয়োজক যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পরই রিসেল বাজারে টিকিটের চাহিদা কমে যায়।
এর প্রভাবেই কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলোর টিকিটের দাম উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।
তবে টুর্নামেন্টের ফাইনাল নিয়ে দর্শকদের আগ্রহ এখনো তুঙ্গে। আগামী ১৯ জুলাই নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনালের জন্য ফিফা প্রায় ১ হাজার ২০০টি অতিরিক্ত টিকিট বিক্রির জন্য উন্মুক্ত করেছে।
ফাইনালের ক্যাটাগরি-২ টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ৩৮০ মার্কিন ডলার।
আর ক্যাটাগরি-১ টিকিটের দাম রাখা হয়েছে ১৯ হাজার ৯৯৫ থেকে ৩২ হাজার ৯৭০ মার্কিন ডলারের মধ্যে।