Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নিয়মিত অফিস, দুর্নীতিমুক্ত উন্নয়ন ও বৈষম্যহীন সেবার অঙ্গীকার ● নিঃসঙ্গ প্রবীণদের সঙ্গ দিতে ভারতে চালু হয়েছে‘ভাড়াটে নাতি-নাতনি’ সেবা ● ভারতে অনুপ্রবেশের জন্য বাংলাদেশিরা "ওৎ"পেতে আছে....শুভেন্দু অধিকারী ● শেখ হাসিনার নতুন পাসপোর্ট আবেদন প্রসঙ্গে কী বললেন....পররাষ্ট্রসচিব ● যশোর বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ● রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, এবার মিরপুর ও বাংলা মোটরস ● দূতাবাসে নতুন পাসপোর্টের আবেদন করেছে শেখ হাসিনা...রয়টার্স ● ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন আহবায়ক কমিটি ঘোষণা ● রাজধানী বাড্ডায় জুলাই আন্দোলনে হামলাকারী ও হত্যা মামলার আসামিরা আবারও সক্রিয়ঃ প্রশাসন নিরব ● বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বিচার বিভাগকে বেশি ক্ষতিগ্রস্ত করেছে...আইনমন্ত্রী
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
ক্ষমতার নয়, জনগণের সেবক হতে চান...শাহজালাল

নিয়মিত অফিস, দুর্নীতিমুক্ত উন্নয়ন ও বৈষম্যহীন সেবার অঙ্গীকার

নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ

প্রকাশ : সোমবার, ৯ নভেম্বর,২০২৬, ০১:৪৩ পিএম
নিয়মিত অফিস, দুর্নীতিমুক্ত উন্নয়ন ও বৈষম্যহীন সেবার অঙ্গীকার

চেয়ারম্যান নির্বাচিত হলে ক্ষমতার মালিক নয়, জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের জামায়াত সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মাদ শাহজালাল মিয়া।

নিয়মিত অফিস করা, সরকারি বরাদ্দের অর্থের যথাযথ ব্যবহার, দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধ এবং দল-মত নির্বিশেষে সবার জন্য সমান নাগরিক সেবা নিশ্চিত করার অঙ্গীকার করেছেন তিনি।

একই সঙ্গে মাদকমুক্ত, নিরাপদ ও মানবিক ইউনিয়ন গড়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের দ্বিতীয় ধাপে আগামী ৪ ফেব্রুয়ারি ২০২৭ তারিখে পিরোজপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে পারে—এমন সম্ভাবনাকে সামনে রেখে গণসংযোগ ও প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন শাহজালাল মিয়া।

তিনি পিরোজপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহসভাপতি। প্রতিদিনই ইউনিয়নের বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন।

এরই ধারাবাহিকতায় সোমবার (০৯ নভেম্বর) নিজের ফেসবুক পেজে 'আমার নির্বাচনী অঙ্গীকার' শিরোনামে একটি প্রতিশ্রুতিপত্র প্রকাশ করেন তিনি।

এতে চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নবাসীর জন্য কী কী পদক্ষেপ নিতে চান, তা তুলে ধরেন।

প্রতিশ্রুতিপত্রে শাহজালাল মিয়া বলেন, চেয়ারম্যান হওয়া মানে ক্ষমতার মালিক হওয়া নয়; বরং জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করা।

তাঁর কাছে চেয়ারম্যানের পদ ক্ষমতা কিংবা ব্যক্তিগত সুবিধা ভোগের বিষয় নয়, বরং জনগণের দেওয়া একটি পবিত্র আমানত।

নিয়মিত অফিস করার বিষয়ে তিনি বলেন, সরকারি ছুটির দিন ও বিশেষ সরকারি প্রয়োজন ছাড়া প্রতিদিন সরকার নির্ধারিত সময়ে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপস্থিত থাকবেন।

তাঁর মতে, জনসেবা মানে শুধু দান-খয়রাত করা নয়; বরং প্রত্যেক নাগরিকের প্রাপ্য অধিকার ও সরকারি সেবা নিশ্চিত করাই জনপ্রতিনিধির অন্যতম দায়িত্ব।

সরকারি বরাদ্দের অর্থ ব্যবহারে স্বচ্ছতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ, অনিয়ম কিংবা অপচয় হতে দেবেন না।

জনগণের প্রতিটি টাকার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করবেন। ওয়ার্ডভিত্তিক উন্নয়ন বরাদ্দ বণ্টনের ক্ষেত্রেও দলীয় প্রভাবমুক্ত থাকার ঘোষণা দিয়েছেন এই প্রার্থী।

তাঁর অঙ্গীকার, প্রতিটি ওয়ার্ডের বরাদ্দ সংশ্লিষ্ট ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্যের মাধ্যমে বাস্তবায়ন করা হবে।

ওই সদস্য যে রাজনৈতিক দলেরই হোন না কেন, তাঁর ন্যায্য অধিকার ও দায়িত্বের প্রতি সম্মান দেখানো হবে।

নাগরিক সেবায় বৈষম্য দূর করার বিষয়ে শাহজালাল মিয়া বলেন, দল, মত, ধর্ম, বর্ণ কিংবা রাজনৈতিক পরিচয়ের কারণে কোনো নাগরিককে সেবা থেকে বঞ্চিত করা হবে না।

ইউনিয়ন পরিষদে এসে কেউ যাতে হয়রানি, অবহেলা কিংবা অসম্মানের শিকার না হন, সে বিষয়ে তিনি সচেষ্ট থাকবেন।

তাঁর ভাষ্য, চেয়ারম্যানের দরজা ধনী-গরিব, দল-মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের জন্য সমানভাবে উন্মুক্ত থাকবে।

একটি মানবিক ও নিরাপদ ইউনিয়ন গড়ার পরিকল্পনায় মাদক বিক্রি ও বিস্তার রোধ, অভাবের কারণে কাউকে ভিক্ষাবৃত্তিতে বাধ্য হতে না দেওয়া, অর্থাভাবে কোনো শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হতে না দেওয়া এবং আর্থিক সংকটে কেউ যাতে বিনা চিকিৎসায় মৃত্যুর মুখে না পড়েন, সে জন্য প্রয়োজনীয় সহযোগিতার ব্যবস্থা রাখার কথাও উল্লেখ করেছেন তিনি।

যোগাযোগব্যবস্থার উন্নয়ন নিয়েও রয়েছে তাঁর প্রতিশ্রুতি। ইউনিয়নের কোনো রাস্তা ভাঙাচোরা অবস্থায় এক সপ্তাহের বেশি ফেলে না রাখা এবং মেঘনা থেকে চৌরাস্তা পর্যন্ত অটোরিকশা ও সিএনজি চলাচলের সড়ক নিরাপদ ও নির্বিঘ্ন করার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

নির্বাচনী অঙ্গীকারের শেষাংশে শাহজালাল মিয়া বলেন, বড় বড় প্রতিশ্রুতি দিয়ে নয়, বরং সততা, জবাবদিহি, আন্তরিকতা ও কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চান তিনি।

এ জন্য পিরোজপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের সহযোগিতা, পরামর্শ ও দোয়া কামনা করেছেন।

উল্লেখ্য, মুহাম্মাদ শাহজালাল মিয়া পিরোজপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহসভাপতি।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি জামায়াত সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা চালাচ্ছেন।

তাঁর প্রকাশিত নির্বাচনী অঙ্গীকারনামায় নিয়মিত জনপ্রতিনিধির উপস্থিতি, দুর্নীতিমুক্ত উন্নয়ন ও বৈষম্যহীন নাগরিক সেবার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)