আ জা ডেক্স
আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে তুমুল আলোচনার মধ্যেই আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো এক চিঠিতে শেখ হাসিনার আইনজীবীরা তার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যুর আবেদন জানিয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, দুই বছরের বেশি সময় ধরে চলা অস্থিরতার পর দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করছে বর্তমান সরকার।
এমন পরিস্থিতিতে শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন নতুন করে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করতে পারে।
লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা চিঠিতে উল্লেখ করেছেন, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে তারা জানতে পেরেছেন।
চিঠিতে আইনজীবীরা লিখেছেন, “আমাদের মক্কেলের বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিলের খবরের পরিপ্রেক্ষিতে, তার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানাচ্ছি।”
শেখ হাসিনার বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তি ও সনদ থেকে সৃষ্ট বাধ্যবাধকতা বিবেচনায় নিয়ে আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির আহ্বান জানিয়েছেন তার আইনজীবীরা।
এ বিষয়ে বক্তব্য জানতে দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স।
তবে তাৎক্ষণিকভাবে তাদের কারও বক্তব্য পাওয়া যায়নি।
গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেন।
ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে এ রায় দেওয়া হয়।
তবে ভারতে অবস্থান করা ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।
প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর শেখ হাসিনার দেশে ফেরার তারিখ নির্ধারণ করা হবে বলে আওয়ামী লীগের নেতারা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন।
তবে তার দেশে ফেরা বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের টানাপড়েন কমাতেও সহায়ক হতে পারে।
শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার পর থেকেই নয়াদিল্লি ও ঢাকার সম্পর্কের উল্লেখযোগ্য অবনতি ঘটেছে। ফলো করুন।