আ জা আন্তর্জাতিক ডেক্স
বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের আশঙ্কা প্রকাশ করে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
তার দাবি, বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশকারীরা সুযোগের অপেক্ষায় লুকিয়ে রয়েছে।
বিএসএফের নজরদারিতে সামান্য দুর্বলতা দেখা দিলেই তারা ভারতে প্রবেশের চেষ্টা করে।
রোববার (০৮ নভেম্বর) পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার হিঙ্গলগঞ্জে বিএসএফের ৭৪তম ব্যাটালিয়নের ক্যাম্প পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।
এ সময় ইছামতী নদীতে বিএসএফের একটি দ্রুতগতির নৌযানে চড়ে সীমান্ত পরিস্থিতিও পর্যবেক্ষণ করেন মুখ্যমন্ত্রী।
শুভেন্দু অধিকারী জানান, সীমান্তের সর্বশেষ ভাসমান নিরাপত্তাচৌকিতে গিয়ে দূরবীন দিয়ে বাংলাদেশের দিক পর্যবেক্ষণ করেছেন তিনি।
যদিও সেখানে কাউকে দেখতে পাননি, তবে অনুপ্রবেশকারীরা সুযোগের অপেক্ষায় রয়েছে বলে দাবি করেন তিনি।
বিএসএফের নজরদারিতে সামান্য ফাঁক পেলেই তারা সীমান্ত অতিক্রম করে ভারতে ঢোকার চেষ্টা করে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।
তিনি আরও বলেন, বিএসএফ ও পুলিশের যৌথ অভিযানে ইতোমধ্যে কয়েক লাখ অনুপ্রবেশকারীকে তাড়িয়ে দেওয়া হয়েছে।
সীমান্তে একজন অনুপ্রবেশকারীকেও থাকতে দেওয়া হবে না। তাদের চিহ্নিত করে বের করে দিতে অভিযান অব্যাহত থাকবে।
মুখ্যমন্ত্রী জানান, সীমান্তের ১৫ কিলোমিটার এলাকাজুড়ে তল্লাশি অভিযান পরিচালনা করা হচ্ছে।
অনুপ্রবেশকারীদের শনাক্ত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে তার কাছে নির্দিষ্ট তথ্য রয়েছে বলেও দাবি করেন তিনি। এদিকে শুভেন্দু অধিকারীর বক্তব্যের সমালোচনা করেছেন তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ।
তিনি বলেন, বিএসএফ কেন্দ্রীয় সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণসহ এ-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও কেন্দ্রীয় সরকারের হাতে।
কুণাল ঘোষ প্রশ্ন করেন, ২০১৪ সাল থেকে কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় থাকার পরও ত্রিপুরায় কীভাবে অবৈধ অনুপ্রবেশ ও রোহিঙ্গাদের প্রবেশ ঘটছে?
সেখানে বিজেপির সরকার থাকা সত্ত্বেও এমন ঘটনা ঘটলে তার দায় কে নেবে?
শুধু পশ্চিমবঙ্গকে দায়ী করার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
তিনি আরও বলেন, বিএসএফ সদস্যদের প্রতি সব সময় সম্মান দেখিয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কারণ, তারাও দেশের নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালন করছেন।