আ জা আন্তর্জাতিক ডেক্স
ভারতে বয়স্ক মানুষের একাকিত্ব দূর করতে গড়ে উঠছে নতুন ধরনের সেবামূলক ব্যবসা।
অর্থের বিনিময়ে প্রবীণদের সঙ্গে সময় কাটানো, গল্প করা, হাসপাতালে নিয়ে যাওয়া কিংবা মন্দির ও পার্কে ঘুরতে যাওয়ার জন্য পাওয়া যাচ্ছে ভাড়াটে নাতি-নাতনি।
দেশটির বিভিন্ন শহরে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে এ ধরনের সেবা দেওয়া প্রতিষ্ঠান।
আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, কেউ এসব কর্মীকে ‘ভাড়াটে সন্তান’, আবার কেউ ‘ভাড়াটে নাতি-নাতনি’ বলে অভিহিত করছেন।
পরিবারের সদস্যরা দূরে থাকায় যেসব প্রবীণ একাকিত্বে ভুগছেন, তাদের পাশে দাঁড়ানো এবং সঙ্গ দেওয়াই এসব প্রতিষ্ঠানের প্রধান উদ্দেশ্য।
ভারতের রাজধানী নয়াদিল্লির উপকণ্ঠে গুরুগ্রামে বসবাস করেন এস বুধিরাজা। তার দুই মেয়ে যুক্তরাষ্ট্রে থাকেন।
ফলে স্ত্রীকে নিয়ে বাজারে যাওয়া কিংবা অন্য কোথাও ঘুরতে বের হলে তার সঙ্গী হন ২৬ বছর বয়সী রনি রাজু।
বুধিরাজা দম্পতির কাছে রাজু অনেকটা ভাড়াটে নাতির মতো। সমাজকর্মে স্নাতকোত্তর ডিগ্রিধারী রাজু একটি প্রতিষ্ঠানের মাধ্যমে গত কয়েক মাস ধরে বুধিরাজা দম্পতির দেখাশোনা করছেন।
বুধিরাজার মতে, প্রথমবার দেখা হওয়ার পর থেকেই রাজুর সঙ্গে তার ভালো সম্পর্ক তৈরি হয়।
তিনি মনে করেন, রাজু এমন একজন মানুষ, যিনি তার মনের কথা বুঝতে পারেন। অন্যদিকে রাজুও বুধিরাজা দম্পতিকে নিজের পরিবারের সদস্য মনে করেন।
তার ভাষায়, তারা তাকে কেবল একজন সেবাদানকারী হিসেবে দেখেন না, বরং নিজেদের সন্তানের মতোই ভালোবাসেন।
দিন যত গড়িয়েছে, তাদের সম্পর্কও তত গভীর হয়েছে। অস্ত্রোপচারের জন্য বুধিরাজা হাসপাতালে ভর্তি হলে রাজু চিকিৎসক ও ওষুধের বিষয়ে নিয়মিত খোঁজখবর রেখেছেন।
এমনকি নিজের কর্মঘণ্টা শেষ হওয়ার পরও ফোন করে তাদের শারীরিক অবস্থার খবর নিয়েছেন।
রাজুর নিয়োগকর্তা গৌরব মিত্তাল জানান, অনেক গ্রাহকই তাদের প্রতিষ্ঠানের কর্মীদের নিজেদের নাতি-নাতনির মতো আপন করে নেন।
তার প্রতিষ্ঠানে মাসে ১০ ঘণ্টা সেবা নিতে হলে প্রতি ঘণ্টায় ৪৫০ রুপি দিতে হয়। আর ২৫ ঘণ্টার প্যাকেজে ঘণ্টাপ্রতি খরচ ৪০০ রুপি।
কোনো গ্রাহক নির্ধারিত সময়ের পুরোটা ব্যবহার না করলে অবশিষ্ট সময় পরের মাসে কাজে লাগানোর সুযোগও রয়েছে।
ভারতে মাথাপিছু গড় বার্ষিক আয় প্রায় ২ লাখ ২০ হাজার রুপি। সে হিসাবে এ ধরনের সেবা নেওয়ার সামর্থ্য মূলত শহরাঞ্চলের আর্থিকভাবে সচ্ছল পরিবারগুলোরই রয়েছে।
মিত্তাল জানান, নিজের পরিবারের অভিজ্ঞতা থেকেই এ ব্যবসার ধারণা পেয়েছিলেন তিনি।
চার বছর আগে বাবার মৃত্যুর পর তার মাকে নিজের কাছে নিয়ে আসতে হয়। তার মা সামাজিকভাবে মিশুক এবং আর্থিকভাবেও স্বাবলম্বী ছিলেন।
কিন্তু কোথাও যাওয়া-আসার ক্ষেত্রে পরিবারের সদস্যদের ওপর নির্ভর করতে হতো।
এ অভিজ্ঞতা থেকেই প্রবীণদের সঙ্গ দেওয়ার জন্য একটি প্রতিষ্ঠান গড়ে তোলার চিন্তা করেন তিনি।
জাতিসংঘ জনসংখ্যা তহবিল এবং ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর পপুলেশন সায়েন্সেসের ২০২৩ সালের ভারত বার্ধক্যবিষয়ক প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালে দেশটির মোট জনসংখ্যার ১০ দশমিক ৫ শতাংশের বয়স ছিল ৬০ বছরের বেশি।
২০৫০ সালের মধ্যে এ হার বেড়ে ২১ শতাংশে দাঁড়াতে পারে। সে সময় ভারতে প্রবীণ মানুষের সংখ্যা প্রায় ৩৪ কোটি ৭০ লাখে পৌঁছানোর আশঙ্কা রয়েছে।
ভারত সরকারের হিসাব অনুযায়ী, দেশটিতে প্রবীণদের সেবাসংশ্লিষ্ট বাজারের আকার প্রায় ৭ বিলিয়ন ডলার।
এ সম্ভাবনাকে সামনে রেখে এ খাতে ব্যবসা শুরু করছে নতুন নতুন প্রতিষ্ঠান।
২০১৭ সালের একটি প্রতিবেদনে প্রবীণদের সঙ্গ দেওয়ার সেবা চালু করা অন্তত পাঁচটি নতুন প্রতিষ্ঠানের কথা উঠে এসেছিল।
পরবর্তী সময়ে ২০২২ সালে প্রয়াত শিল্পপতি রতন টাটাও মুম্বাইভিত্তিক এ ধরনের একটি নতুন প্রতিষ্ঠানের প্রচারে অংশ নিয়েছিলেন।
এসব প্রতিষ্ঠানে কর্মী নিয়োগের আগে পুলিশের মাধ্যমে তাদের পরিচয় যাচাই করা হয়।
এককভাবে দায়িত্ব পালনের অনুমতি দেওয়ার আগে অভিজ্ঞ কর্মীদের সঙ্গে বিভিন্ন বাড়িতে গিয়ে কাজ শেখানো হয়।
এসব কর্মীর অনেকেরই মনোবিজ্ঞান, সমাজকর্ম কিংবা আতিথেয়তা বিষয়ে প্রশিক্ষণ রয়েছে।
জাতিসংঘ জনসংখ্যা তহবিলের ২০২৩ সালের প্রতিবেদন বলছে, ২০৪৬ সালের মধ্যে ভারতে শিশুর তুলনায় প্রবীণ মানুষের সংখ্যা বেশি হয়ে যাবে।
এরই মধ্যে দেশটির বিপুলসংখ্যক বয়স্ক মানুষ নিঃসঙ্গতায় ভুগছেন।
২০২২ সালে ভারতের ৭২ হাজারের বেশি মানুষের ওপর পরিচালিত এক জাতীয় জরিপে দেখা যায়, মধ্যবয়সী ও প্রবীণদের ২০ দশমিক ৫ শতাংশ মাঝারি মাত্রার নিঃসঙ্গতায় ভুগছেন।
অন্যদিকে ১৩ দশমিক ৩ শতাংশের নিঃসঙ্গতা গুরুতর পর্যায়ে রয়েছে।
একা বসবাসকারী ৬০ বছরের বেশি বয়সীদের মধ্যে ৩৭ শতাংশই নিঃসঙ্গ বোধ করার কথা জানিয়েছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে ২০২৫ সালে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, বিশ্বজুড়ে প্রতি ছয়জনের একজন নিঃসঙ্গতায় ভুগছেন।
এ সমস্যার সঙ্গে বছরে প্রায় ৮ লাখ ৭১ হাজার মানুষের মৃত্যুর সম্পর্ক রয়েছে।
হায়দরাবাদভিত্তিক একটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী সন্তোষ আব্রাহাম বলেন, প্রবীণদের স্বজনেরা সাধারণত তাদের চিকিৎসা কিংবা বাজারে যাওয়া নিয়ে বেশি চিন্তিত থাকেন।
কিন্তু বয়স্ক মানুষের সবচেয়ে বড় প্রয়োজন অনেক সময় এসবের বাইরেও কিছু।
তাদের প্রয়োজন এমন একজন মানুষ, যার সঙ্গে মন খুলে কথা বলা যায়।
আব্রাহামের ভাষ্য অনুযায়ী, অনেক প্রবীণ অসুস্থতার কথা বলে কর্মীদের ডেকে পাঠান। কিন্তু সেখানে গিয়ে দেখা যায়, তাদের শারীরিক কোনো সমস্যা নেই।
আসলে তারা চান, কেউ তাদের পাশে বসে অন্তত এক ঘণ্টা গল্প করুক। প্রতিষ্ঠানটির কর্মী বিনয় কুমার বলেন, প্রবীণদের সঙ্গে সময় কাটানোই তাদের কাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। কেউ তাদের সঙ্গে তাস কিংবা ঘরোয়া খেলায় অংশ নিতে চান।
আবার কেউ সিনেমা দেখতে, মন্দিরে যেতে কিংবা পার্কে ঘুরতে পছন্দ করেন। অনেক সময় পরিবারের সদস্যদের তুলনায় অপরিচিত কারও কাছে নিজের মনের কথা প্রকাশ করা সহজ মনে করেন প্রবীণরা।
কারণ, পরিবারের মানুষের সঙ্গে কথা বলার ক্ষেত্রে নানা প্রত্যাশা কিংবা অতীতের জটিলতা কাজ করতে পারে।
কিন্তু বাইরের একজন মানুষের সঙ্গে কথা বলার সময় এসব বাধা তুলনামূলক কম থাকে।
কখনো কখনো প্রবীণদের সঙ্গে এসব কর্মীর সম্পর্ক পেশাগত দায়িত্বের গণ্ডিও ছাড়িয়ে যায়।
হায়দরাবাদের এক প্রবীণ ব্যক্তি প্রথমদিকে ভাষাগত সমস্যার কারণে বিনয় কুমারকে নিজের বাড়িতে ঢুকতে দিতে চাইতেন না।
কিন্তু সময়ের সঙ্গে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। ওই ব্যক্তি বিনয়ের গাড়ি চালানো শেখার খরচও বহন করেন।
পরিচিতদের কাছে বিনয়কে নিজের সৌভাগ্যে পাওয়া ছেলে বলে পরিচয় করিয়ে দিতেন তিনি।
২০২৩ সালে ওই প্রবীণ ব্যক্তির মৃত্যু হলে তার ছেলে বিনয়কে বাবার শেষকৃত্যেও উপস্থিত থাকার অনুরোধ জানান।
তবে প্রবীণদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হলেও পেশাগত দায়িত্বের সীমারেখা বজায় রাখার ওপর গুরুত্ব দিচ্ছেন এসব প্রতিষ্ঠানের উদ্যোক্তারা।
হায়দরাবাদভিত্তিক প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা প্রশান্ত রেড্ডি বলেন, তাদের প্রতিষ্ঠানের কর্মীরা প্রবীণদের সঙ্গ ও প্রয়োজনীয় সহযোগিতা দিতে পারেন।
কিন্তু কোনোভাবেই চিকিৎসক কিংবা মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের বিকল্প হতে পারবেন না।
নয়াদিল্লির কাছাকাছি অবস্থিত জিন্দাল ইনস্টিটিউট অব বিহেভিয়ারাল সায়েন্সেসের সহকারী অধ্যাপক শিলপা বন্দ্যোপাধ্যায়ের মতে, প্রবীণদের জন্য অর্থের বিনিময়ে সঙ্গী নিয়োগ করাকে পরিবারের ব্যর্থতা হিসেবে দেখা ঠিক নয়।
তিনি মনে করেন, বয়স্ক মানুষের প্রয়োজন শুধু খাবার, বাসস্থান, চিকিৎসা কিংবা শারীরিক সহযোগিতার মধ্যে সীমাবদ্ধ নয়।
তাদের কথা মনোযোগ দিয়ে শোনা, অনুভূতিকে গুরুত্ব দেওয়া এবং সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রাখাও সমান গুরুত্বপূর্ণ।
প্রতিবেদনের শেষ দিকে আবারও উঠে এসেছে গুরুগ্রামের বুধিরাজা ও রাজুর সম্পর্কের কথা।
বুধিরাজাকে প্রশ্ন করা হয়েছিল, কোনো দিন রাজু কাজে না এলে তার কেমন লাগবে? জবাবে বুধিরাজা বলেন, প্রথমে তিনি জানতে চাইবেন, রাজু কেন আসেননি।
এরপর তাকে আসার ব্যবস্থা করবেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের প্রয়োজনও বাড়তে থাকে। আর এখন তার রাজুকে প্রয়োজন।