ঢাকা, বাংলাদেশ সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● সোনারগাঁয়ে নাশকতার অভিযোগে পৃথক দুটি মামলা,আসামী দুই শতাধিক ● সিদ্ধিরগঞ্জে হাফেজ ছাত্রদের দস্তারবন্দী উপলক্ষে দুই দিনব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিল ● মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ,সাধারণের ব্যয় বৃদ্ধির ঝুঁকি বাংলাদেশ ব্যাংক ● রোগীদের ভাতে মিললো পোকা,ওষুধ রাখার জায়গায় ঘুমায় কুকুর-বিড়াল ● ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে....বিজিবি মহাপরিচালক ● ময়মনসিংহের হালুয়াঘাট থানায় বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুন ● ৬ কোটি পোশাকের ২৫ কোটি ডলারের অর্ডার বাতিল করেছে বিদেশি গ্রাহক....বিজিএমইএ ● বাংলাদেশি নাগরিক সন্দেহে হিলিতে বাড়িঘর গুঁড়িয়ে দিলো ভারতীয় প্রশাসন ● যশোর বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি ● ৩১ ডিসেম্বর পর্যন্ত নোট-গাইড ও সহায়ক বই ছাপা বন্ধের নির্দেশ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
ফ্রি-ফ্লোটিং বিনিময় হার

মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ,সাধারণের ব্যয় বৃদ্ধির ঝুঁকি বাংলাদেশ ব্যাংক

আ জা ডেক্স

প্রকাশ : রবিবার, ২২ নভেম্বর,২০২৬, ১১:৫৯ পিএম
মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ,সাধারণের ব্যয় বৃদ্ধির ঝুঁকি বাংলাদেশ ব্যাংক

ডলারের দর পুরোপুরি বাজারের ওপর ছেড়ে দিলে একদিকে বৈদেশিক মুদ্রার বাজারে স্বচ্ছতা ও স্থিতিশীলতা আসার সম্ভাবনা, অন্যদিকে টাকার অবমূল্যায়নে আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির চাপ বাড়ার ঝুঁকি রয়েছে।

বাংলাদেশের অর্থনীতিতে এ সিদ্ধান্তের প্রভাব পড়বে আমদানি, রপ্তানি, রেমিট্যান্স, বৈদেশিক ঋণ এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ে।

বাংলাদেশের বৈদেশিক মুদ্রাবাজারে বড় ধরনের পরিবর্তনের পথে হাঁটছে বাংলাদেশ ব্যাংক।

ডলারের বিনিময় হার পুরোপুরি বাজারের চাহিদা ও জোগানের ওপর ছেড়ে দিয়ে ফ্রি-ফ্লোটিং বা মুক্ত ভাসমান বিনিময় হার ব্যবস্থা চালুর পরিকল্পনা করছে কেন্দ্রীয় ব্যাংক।

আগামী এক মাসের মধ্যে এ ব্যবস্থা চালুর প্রত্যাশার কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।

তাঁর মতে, এতে বৈদেশিক মুদ্রাবাজার আরও প্রতিযোগিতামূলক, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক হবে।

তবে অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের সামনে এখন বড় প্রশ্ন—ডলারের দর বাজারের ওপর ছেড়ে দিলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সহজ হবে, নাকি টাকার অবমূল্যায়নের মাধ্যমে বাজারে নতুন করে মূল্যস্ফীতির চাপ তৈরি হবে?

গত ২০ নভেম্বর চট্টগ্রামে ব্যবসায়ী ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে এক পরামর্শ সভায় গভর্নর জানান, বৈদেশিক মুদ্রাবাজারকে শেয়ারবাজারের মতো প্রতিযোগিতামূলক করতে কাজ চলছে।

প্রস্তাবিত ব্যবস্থায় ডলারের ক্রেতা ও বিক্রেতারা সরাসরি দরদাম করে লেনদেন করতে পারবেন।

এর মাধ্যমে বাজারে প্রকৃত চাহিদা ও জোগানের ভিত্তিতে বিনিময় হার নির্ধারিত হওয়ার সুযোগ তৈরি হবে।

আগামী জানুয়ারি-মার্চ প্রান্তিকের মুদ্রানীতি প্রণয়নের প্রস্তুতির অংশ হিসেবেই এ বিষয়ে অংশীজনদের মতামত নেওয়া হচ্ছে।

বাংলাদেশের জন্য এ উদ্যোগের গুরুত্ব অনেক।

কারণ, দীর্ঘদিন ধরে ডলারের বিনিময় হার নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রার সংকট এবং আমদানি ব্যয় বৃদ্ধির চাপ সামলাতে গিয়ে কেন্দ্রীয় ব্যাংককে নানা ধরনের নীতিগত পদক্ষেপ নিতে হয়েছে।

কখনো নির্দিষ্ট সীমার মধ্যে ডলারের দর ধরে রাখার চেষ্টা, কখনো ব্যাংকগুলোর জন্য নির্দেশনা, আবার কখনো বাজারে ডলার সরবরাহ বাড়াতে রিজার্ভ থেকে হস্তক্ষেপ করতে হয়েছে।

এতে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক বাজারে বিনিময় হারের ব্যবধান এবং ডলারের প্রকৃত মূল্য নির্ধারণ নিয়ে নানা জটিলতা তৈরি হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৩১ ডিসেম্বর থেকেই অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে আলোচনার ভিত্তিতে বৈদেশিক মুদ্রার দর নির্ধারণের সুযোগ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।

পরবর্তী সময়ে বাজারভিত্তিক বিনিময় হার ব্যবস্থার দিকে অগ্রসর হওয়ার উদ্যোগ নেওয়া হয়।

তবে পুরোপুরি মুক্ত বাজারব্যবস্থায় যাওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপ, বাজারের প্রতিযোগিতা এবং লেনদেনের স্বচ্ছতা এখনো গুরুত্বপূর্ণ বিষয়।

অর্থনীতির প্রচলিত ধারণা অনুযায়ী, বাজারভিত্তিক বিনিময় হার চালু হলে বৈদেশিক মুদ্রার প্রকৃত চাহিদা ও জোগানের প্রতিফলন ঘটে।

এতে ডলারের কৃত্রিম সংকট, একাধিক বিনিময় হার এবং বাজারে অনিশ্চয়তা কমার সম্ভাবনা থাকে।

ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীরা উৎসাহিত হতে পারেন।

একইভাবে রপ্তানিকারকরাও প্রকৃত বাজারদর পাওয়ার সুযোগ পাবেন।

ফলে বৈধ পথে বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়তে পারে।

বাজারে ডলারের সরবরাহ বাড়লে আমদানিকারকদের জন্য বৈদেশিক মুদ্রা সংগ্রহ সহজ হওয়ার সম্ভাবনা রয়েছে।

এতে এলসি খোলার জটিলতা, আমদানি ব্যয় ও ব্যবসায়িক অনিশ্চয়তা কমতে পারে।

পাশাপাশি বিনিময় হার কৃত্রিমভাবে ধরে রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে ডলার বিক্রির প্রয়োজন কমলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।

আবার বাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিনিময় হার বিদেশি বিনিয়োগকারীদের জন্যও ইতিবাচক সংকেত দিতে পারে।

কারণ, বিনিয়োগের ক্ষেত্রে মুনাফা প্রত্যাবাসন, বৈদেশিক মুদ্রা সংগ্রহ এবং বিনিময় হারের ঝুঁকি সম্পর্কে স্বচ্ছ ধারণা পাওয়া গুরুত্বপূর্ণ।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলও (আইএমএফ) বাংলাদেশে বিনিময় হারের নমনীয়তা বাড়ানোর পক্ষে।

সংস্থাটির মতে, বিনিময় হারকে কৃত্রিমভাবে নির্দিষ্ট পর্যায়ে ধরে রাখার চেষ্টা বাজারের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করতে পারে।

বাজারভিত্তিক সমন্বয় এবং কার্যকর মুদ্রানীতি দীর্ঘমেয়াদে অর্থনৈতিক স্থিতিশীলতা ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে।

তবে ফ্রি-ফ্লোটিং বিনিময় হার চালুর সবচেয়ে বড় ঝুঁকি হলো টাকার আরও অবমূল্যায়ন।

বাংলাদেশের অর্থনীতি আমদানিনির্ভর হওয়ায় ডলারের দাম বাড়লে সরাসরি প্রভাব পড়ে জ্বালানি, ভোজ্যতেল, গম, চিনি, ডাল, সার, শিল্পের কাঁচামাল, যন্ত্রপাতি ও অন্যান্য পণ্যের আমদানি ব্যয়ে।

আমদানিকারকদের ব্যয় বেড়ে গেলে সেই বাড়তি খরচ শেষ পর্যন্ত পণ্যের বাজারদরে যুক্ত হয়।

এতে উৎপাদন খরচ ও পরিবহন ব্যয় বাড়ার পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ও বেড়ে যেতে পারে।

বিশেষ করে ডলারের বিনিময় হার হঠাৎ বেড়ে গেলে আমদানি করা পণ্যের পাশাপাশি দেশীয়ভাবে উৎপাদিত পণ্যের দামও বাড়তে পারে।

কারণ, দেশের অনেক শিল্পপ্রতিষ্ঠান উৎপাদনের জন্য বিদেশ থেকে কাঁচামাল, যন্ত্রাংশ, রাসায়নিক ও জ্বালানি আমদানি করে।

ফলে বিনিময় হারের পরিবর্তন শুধু আমদানি খাতেই সীমাবদ্ধ থাকে না; তা পুরো উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় ছড়িয়ে পড়ে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নরও সম্প্রতি টাকার অবমূল্যায়নকে মূল্যস্ফীতির অন্যতম বড় কারণ হিসেবে উল্লেখ করেছেন।

গত ১৪ নভেম্বর তিনি বলেন, গত এক দশকে ডলারের বিপরীতে টাকার মূল্য প্রায় ৬০ শতাংশ কমেছে।

আমদানিনির্ভর অর্থনীতিতে এর প্রভাব পণ্যের দামে পড়েছে।

মূল্যস্ফীতির বর্তমান পরিস্থিতিতে ঝুঁকি বেশি:

বাজারভিত্তিক বিনিময় হার চালুর পরিকল্পনাটি এমন সময়ে আসছে, যখন দেশে মূল্যস্ফীতি এখনো ৮ শতাংশের ওপরে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের অক্টোবরে দেশে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ২৭ শতাংশ। সেপ্টেম্বরে এ হার ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ।

অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি কমে ৬ দশমিক ৪০ শতাংশে এলেও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৮৯ শতাংশে।

অর্থাৎ খাদ্যপণ্যে কিছুটা স্বস্তি এলেও অন্যান্য পণ্য ও সেবার ব্যয় এখনো ঊর্ধ্বমুখী।

এ অবস্থায় ডলারের দর বাজারের ওপর ছেড়ে দেওয়ার পর যদি টাকার আরও অবমূল্যায়ন ঘটে, তাহলে মূল্যস্ফীতি কমানোর চলমান উদ্যোগ বাধাগ্রস্ত হতে পারে।

বিশেষ করে জ্বালানি ও খাদ্যপণ্যের আন্তর্জাতিক বাজারে অস্থিরতা থাকলে বিনিময় হার বৃদ্ধির প্রভাব আরও বেশি অনুভূত হবে।

রপ্তানি ও রেমিট্যান্সে সম্ভাবনা, আমদানিতে বাড়তি চাপ:

ফ্রি-ফ্লোটিং বিনিময় হার ব্যবস্থায় রপ্তানিকারকরা ডলারের বিপরীতে প্রকৃত বাজারদর পাওয়ার সুযোগ পাবেন।

এতে রপ্তানি আয় দেশে আনার প্রবণতা বাড়তে পারে। প্রবাসীরাও বৈধ ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত হতে পারেন।

ফলে বৈদেশিক মুদ্রার সরবরাহ বাড়ার পাশাপাশি রিজার্ভের ওপর চাপ কমার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে আমদানিকারকদের জন্য একই ব্যবস্থা নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে।

ডলারের দর বেড়ে গেলে আমদানি ব্যয় বাড়বে, ঋণপত্র (এলসি) খোলার খরচ বাড়বে এবং শিল্পপ্রতিষ্ঠানের কার্যকরী মূলধনের প্রয়োজনীয়তাও বৃদ্ধি পাবে।

বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান এবং যেসব প্রতিষ্ঠান আমদানি করা কাঁচামালের ওপর নির্ভরশীল, তারা বেশি চাপে পড়তে পারে।

সম্প্রতি চট্টগ্রামের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে আমদানি ঋণপত্রের শতভাগ নগদ মার্জিন প্রত্যাহার এবং শিল্পপ্রতিষ্ঠানের জন্য ১৮০ থেকে ২৭০ দিনের বাকিতে আমদানির সুযোগ দেওয়ার প্রস্তাব এসেছে।

ব্যবসায়ীদের আশঙ্কা, আমদানি অর্থায়নে অতিরিক্ত কড়াকড়ি ও উচ্চ সুদের কারণে উৎপাদন ব্যয় বাড়ছে, যার প্রভাব শেষ পর্যন্ত ভোক্তাদের ওপর পড়ছে।

সফলতার শর্ত কার্যকর তদারকি ও সমন্বিত নীতি:

অর্থনীতির বিশ্লেষণে দেখা যায়, ফ্রি-ফ্লোটিং বিনিময় হার নিজে থেকে মূল্যস্ফীতি কমানোর কোনো নিশ্চয়তা দেয় না।

বরং এর সুফল নির্ভর করবে বৈদেশিক মুদ্রার সরবরাহ, বাজারে প্রতিযোগিতা, কেন্দ্রীয় ব্যাংকের নীতিগত সক্ষমতা এবং দেশের উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার ওপর।

এ ক্ষেত্রে কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

প্রথমত, ডলারের বাজারে কোনো ব্যাংক বা গোষ্ঠী যেন কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মুনাফা করতে না পারে, তা নিশ্চিত করতে হবে।

দ্বিতীয়ত, বৈদেশিক মুদ্রার লেনদেনে স্বচ্ছতা ও নিয়মিত নজরদারি থাকতে হবে।

তৃতীয়ত, ডলারের দর বৃদ্ধির কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেলে তা মোকাবিলায় কার্যকর ব্যবস্থা নিতে হবে।

পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার, মুদ্রা সরবরাহ, সরকারি ব্যয় এবং বাজারে পণ্যের সরবরাহের মধ্যে সমন্বয় প্রয়োজন।

শুধু মুদ্রানীতি কঠোর করে বা বিনিময় হার বাজারের ওপর ছেড়ে দিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।

দেশের অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানো, আমদানি নির্ভরতা কমানো এবং বাজার ব্যবস্থাপনায় কার্যকর প্রতিযোগিতা নিশ্চিত করাও জরুরি।

অর্থনীতিবিদ ও কেন্দ্রীয় ব্যাংক গভর্নরের সাবেক উপদেষ্টা আহসান উল্লাহ ঢাকাওয়াচ কে বলেন, মুক্তবাজার অর্থনীতিতে বাজারভিত্তিক বা ফ্রি-ফ্লোটিং বিনিময় হার ব্যবস্থা থাকা উচিত।

ফ্রি-ফ্লোটিংয়ের অর্থ হলো, বাজারে ডলারের চাহিদা ও সরবরাহের ওপর ভিত্তি করে বিনিময় হার স্বাভাবিকভাবে ওঠানামা করবে।

যখন ডলারের চাহিদা বাড়বে, তখন এর দাম বাড়বে; আর চাহিদা কমলে দামও কমবে।

অর্থাৎ, বাজারের স্বাভাবিক নিয়মেই বিনিময় হার নির্ধারিত হবে।

আমরা যেহেতু ধীরে ধীরে মুক্তবাজার অর্থনীতির দিকে এগোচ্ছি, তাই ফ্রি-ফ্লোটিং বিনিময় হার ব্যবস্থা চালু করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এটি শুধু সময়ের দাবি নয়, বরং দেশের অর্থনীতি ও বৈদেশিক মুদ্রাবাজারের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার জন্যও ইতিবাচক।

অর্থনীতিবিদ এবং সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর ফেলো ও ট্রাস্টি বোর্ডের সদস্য অধ্যাপক ড.মোস্তাফিজুর রহমান অনলাইন পোর্টাল ঢাকা ওয়াচ কে বলেন, রিজার্ভের ওপর চাপ কম থাকায় এবং আইএমএফের ঋণ পাওয়ার প্রস্তুতির অংশ হিসেবে আমাদের ফ্রি ফ্লোটিং বিনিময় হারে যেতে হবে।

আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত হতেও এটি প্রয়োজন। তবে রিজার্ভ ভালো রাখা এবং বিনিময় হারের অতিরিক্ত ওঠানামা নিয়ন্ত্রণে সতর্ক থাকতে হবে।

ফ্রি ফ্লোটিংয়ে রপ্তানিকারক ও রেমিট্যান্স প্রেরকরা সুবিধা পেলেও মুদ্রার অবমূল্যায়নে আমদানি ব্যয় ও মূল্যস্ফীতি বাড়তে পারে।

তাই বাজার ও আর্থিক ব্যবস্থাপনা উন্নত করতে হবে। রপ্তানি ও রেমিট্যান্সের প্রবাহ ভালো রাখতে পারলে সম্ভাব্য ঝুঁকি নিয়ন্ত্রণে রেখে ফ্রি ফ্লোটিংয়ের সুফল পাওয়া সম্ভব।

অন্যদিকে অর্থনীতিবিদ ড: বদরুন নেছা আহমেদ ঢাকাওয়াচ কে বলেন, ফ্রি-ফ্লোটিং বিনিময় হার চালু হলে স্বল্পমেয়াদে টাকার অবমূল্যায়ন হবার সম্ভাবনা রয়েছে ফলে আমদানি ব্যয় বাড়বে, যার প্রভাব পড়তে পারে জ্বালানি, খাদ্যপণ্য ও ওষুধের দামে।

তবে দীর্ঘমেয়াদে এটি বৈদেশিক মুদ্রাবাজারে স্বচ্ছতা বাড়াবে এবং রপ্তানি ও রেমিট্যান্সের প্রবাহে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

তবে মনে রাখতে হবে, ফ্রি-ফ্লোটিং বিনিময় হার নিজে মূল্যস্ফীতি কমায় না। এর সুফল নির্ভর করবে ডলারের পর্যাপ্ত সরবরাহ, কার্যকর বাজার তদারকি ও সামঞ্জস্যপূর্ণ মুদ্রানীতির ওপর।

সব মিলিয়ে, বাংলাদেশের জন্য ফ্রি-ফ্লোটিং বিনিময় হার ব্যবস্থা একদিকে বৈদেশিক মুদ্রাবাজারে শৃঙ্খলা, স্বচ্ছতা ও দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা আনার সুযোগ তৈরি করতে পারে।

অন্যদিকে যথাযথ প্রস্তুতি ছাড়া এটি চালু হলে ডলারের মূল্যবৃদ্ধির মাধ্যমে নতুন করে মূল্যস্ফীতির চাপ তৈরি হওয়ার আশঙ্কাও রয়েছে।

ফলে কেন্দ্রীয় ব্যাংকের সামনে মূল চ্যালেঞ্জ হবে—বাজারকে স্বাধীনতা দেওয়ার পাশাপাশি মুদ্রার অস্বাভাবিক দরপতন ঠেকানো এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা সুরক্ষিত রাখা। সূত্র : ঢাকা ওয়াচ।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)