নিজস্ব প্রতিবেদক ব্রাহ্মণবাড়িয়া
ডিসেম্বর মাসে কোনো বিতর্কিত ব্যক্তি যাতে দেশে প্রবেশ করতে না পারে, সে জন্য সীমান্তের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
রোববার (২২ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে হেলিকপ্টারে করে আখাউড়ার হীরাপুর স্কুল মাঠে অবতরণ করেন বিজিবি মহাপরিচালক।
আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, দেশের সব সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা বিজিবির দায়িত্ব।
চোরাচালান প্রতিরোধের পাশাপাশি অবৈধ পথে যেন কেউ এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত করতে না পারে, সেটিও নিশ্চিত করতে হয় বাহিনীকে।
অর্থাৎ এপাশ থেকে ওপাশে কিংবা ওপাশ থেকে এপাশে অবৈধভাবে মানুষের যাতায়াত বন্ধ করার দায়িত্বও বিজিবির।
তিনি আরও বলেন, ‘আজকে আমি ফেনী, কুমিল্লা এবং আখাউড়া সীমান্ত এলাকা পরিদর্শন করছি।
আমাদের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে, যাতে এসব বিষয় নিশ্চিত করা যায়।
সরকারের দেওয়া নির্দেশনা পালন এবং দেশ ও জাতির প্রত্যাশা পূরণ করাই আমাদের লক্ষ্য।
সীমান্তের নিরাপত্তা যেন শতভাগ নিশ্চিত করা যায়, সেই ব্যবস্থা সরেজমিনে দেখতে এবং নিশ্চিত করতেই আজ এখানে এসেছি।’
এ সময় সীমান্তের নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা চান বিজিবির মহাপরিচালক।
তিনি বলেন, ‘আপনারা যারা স্থানীয় বাসিন্দা, আপনাদের কাছে অনেক তথ্য থাকে।
কারও আসা-যাওয়ার বিষয়ে কোনো তথ্য পেলে আমাদের জানাবেন।
বিজিবিকে জানালে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে তা বন্ধ করতে পারব বলে আশা করি, ইনশা আল্লাহ।’