আ জা আন্তর্জাতিক ডেক্স
যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের অরোরা এলাকায় একটি হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনার অভিযোগে ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আলেকজান্দ্রোস পাপোরাকিস নামের ওই তরুণ প্যালাটাইনের বাসিন্দা।
তদন্তকারীদের দাবি, তার কাছ থেকে শ্বেতাঙ্গ আধিপত্যবাদী মতাদর্শ এবং ভারতীয় বংশোদ্ভূতদের বিরুদ্ধে সহিংসতায় উসকানি দেওয়া একটি ইশতেহার উদ্ধার করা হয়েছে।
হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরুর ঠিক আগমুহূর্তে এ ঘটনা সামনে এসেছে।
এর মাত্র দুই সপ্তাহ আগে ওহাইও অঙ্গরাজ্যের রিচমন্ড হাইটসে অবস্থিত শ্রী স্বামীনারায়ণ ভদ্রল ধাম হিন্দু মন্দিরে ভাঙচুরের ঘটনা ঘটে।
প্যালাটাইনের একটি টাকো বেল রেস্তোরাঁয় ক্যাশিয়ার হিসেবে কাজ করতেন পাপোরাকিস।
বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছেন—এমন তথ্য এক ব্যক্তি পুলিশকে জানানোর পর তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়।
তদন্তসংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, পাপোরাকিস ওই ব্যক্তিকে একটি নথি পাঠিয়েছিলেন।
এতে বড় ধরনের হামলার পরিকল্পনার পাশাপাশি একটি রাইফেল, রাইফেলের ম্যাগজিন, শরীরের সুরক্ষাবর্ম এবং অন্যান্য কৌশলগত সরঞ্জামের ছবি ছিল।
পুলিশের দাবি, সংগৃহীত তথ্য-প্রমাণ বিশ্লেষণ করে গোয়েন্দারা ধারণা করেন, গত ১১ অক্টোবর অরোরা এলাকার একটি হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনা করেছিলেন অভিযুক্ত তরুণ।
সহকর্মীকে ফোন করে অস্ত্রের সমস্যার কথা জানান:
তদন্তকারীরা জানান, পাপোরাকিস তার রেস্তোরাঁর সহকর্মীদের আগেই বলেছিলেন, রোববার একটি ‘বিশেষ দিন’।
ঘটনার দিন সকালে তিনি এক সহকর্মীকে ফোন করে জানান, তার বন্দুকের একটি যন্ত্রাংশ আটকে গেছে।
একই সঙ্গে তিনি কাউকে সুযোগ না দিয়ে দ্রুত সেখান থেকে চলে এসেছেন বলেও জানান।
প্যালাটাইন পুলিশের প্রধান উইলিয়াম নর্ড বলেন, এই হুমকির ভয়াবহতাকে কোনোভাবেই ছোট করে দেখার সুযোগ নেই।
উপাসনালয়গুলোর নিরাপত্তা নিশ্চিত করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যতম প্রধান দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।
পরে প্যালাটাইন ও মাউন্ট প্রস্পেক্ট পুলিশের যৌথ অভিযানে গত ১১ অক্টোবর সন্ধ্যায় নিজ বাসা থেকে বের হওয়ার সময় পাপোরাকিসকে আটক করা হয়।
বাসা থেকে রাইফেল ও শত শত গুলি উদ্ধার:
আটকের পর পাপোরাকিসের বাড়িতে তল্লাশি চালান প্যালাটাইন পুলিশের গোয়েন্দারা।
এ সময় একটি রাইফেল, একাধিক ম্যাগজিন, শত শত রাউন্ড গুলি, কৌশলগত সরঞ্জাম এবং মামলার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য আলামত উদ্ধার করা হয়।
এ ছাড়া একটি কৌশলগত পোশাকের সঙ্গে যুক্ত শরীরের সুরক্ষাবর্ম এবং শ্বেতাঙ্গ উগ্রবাদী মতাদর্শের প্রতীকসংবলিত একটি চিহ্নও পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।
গত বুধবার রোলিং মেডোজের কুক কাউন্টি থার্ড মিউনিসিপ্যাল ডিস্ট্রিক্ট আদালতে পাপোরাকিসকে হাজির করা হয়।
শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আগামী ৩০ অক্টোবর মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হয়েছে।