নিজস্ব প্রতিবেদক
সাংবাদিক ফারজানা রুপার পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনি লড়াই করতে চান যুক্তরাজ্যের দুই আইনজীবী।
এ জন্য তাঁদের বাংলাদেশে আইনজীবী হিসেবে দায়িত্ব পালনের অনুমতি চেয়ে বার কাউন্সিলে আবেদন করেছেন ফারজানা রুপার আইনজীবী ব্যারিস্টার মাহবুব শফিক।
মঙ্গলবার (১৩ অক্টোবর) তিনি এ আবেদন জমা দেন। এতে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক ডাউটি স্ট্রিট চেম্বার্সের জোনাথন প্রাইস কেসি ও নিকিলা কৌশিককে ফারজানা রুপার পক্ষে আইনি লড়াইয়ের সুযোগ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
আবেদনে বলা হয়েছে, এই দুই ব্রিটিশ আইনজীবী গত ০১ অক্টোবর ই-মেইলের মাধ্যমে বাংলাদেশ বার কাউন্সিলের কাছে অনুমতি চেয়ে আবেদন করেছিলেন।
তবে এখনো বার কাউন্সিলের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। মামলার বিচারকাজ দ্রুত এগিয়ে যাওয়ায় বিষয়টি জরুরি ভিত্তিতে বিবেচনার অনুরোধ জানিয়েছেন ব্যারিস্টার মাহবুব শফিক।
আবেদনে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ১১(৮) ধারার উল্লেখ করা হয়েছে।
ওই ধারায় বলা হয়েছে, বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার, ১৯৭২-এ যা-ই থাকুক না কেন, বার কাউন্সিলের পূর্বানুমতি নিয়ে ট্রাইব্যুনাল কোনো বিদেশি আইনজীবীকে দায়িত্ব পালনের অনুমতি দিতে পারেন।
যুক্তিসংগত কারণ ছাড়া এ অনুমতি আটকে রাখা যাবে না। ফলে ট্রাইব্যুনালে বিদেশি আইনজীবীর উপস্থিতির জন্য বার কাউন্সিলের অনুমোদন প্রয়োজন।
জোনাথন প্রাইস গণমাধ্যম, মানহানি ও আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক আইনি লড়াইয়ে বিশেষজ্ঞ।
অন্যদিকে নিকিলা কৌশিকের দক্ষতা রয়েছে আন্তর্জাতিক অপরাধ ও গণমাধ্যম আইনে।
২০২৪ সালের ২১ আগস্ট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বামী সাংবাদিক শাকিল আহমেদের সঙ্গে ফারজানা রুপাকে আটক করা হয়।
পরদিন উত্তরা পূর্ব থানায় দায়ের করা ফজলুল করিম হত্যা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।
পরে ২৬ আগস্ট আদাবর থানার পোশাকশ্রমিক রুবেল হত্যা মামলায়ও তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।
৩১ আগস্ট রুবেল হত্যা মামলায় ঢাকার একটি আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এ ছাড়া ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ৪১ আসামির একজন ফারজানা রুপা।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ তাঁর মামলার বিচার চলছে। আগামী ১ নভেম্বর এ মামলায় ফারজানা রুপার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য রয়েছে।
ওই শুনানিতে তাঁর পক্ষে আইনি লড়াইয়ের জন্য দুই ব্রিটিশ আইনজীবীকে নিয়োগের অনুমতি চাওয়া হয়েছে।