মহসিন শামিম
বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কথাসাহিত্যিক নাসরীন জাহান ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন রয়েছেন।
ক্যানসারের পাশাপাশি তিনি কিডনি জটিলতায়ও ভুগছেন। নিয়মিত চিকিৎসা ও ওষুধের ব্যয় বেড়ে যাওয়ায় তাঁর চিকিৎসার খরচ বহন করা পরিবারের জন্য কঠিন হয়ে পড়েছে।
এ অবস্থায় তাঁর চিকিৎসায় মানবিক সহায়তার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে পরিবার ও সাহিত্যাঙ্গনের ব্যক্তিরা।
নাসরীন জাহানের স্বামী কবি আশরাফ আহমদ জানান, এক বছরেরও বেশি সময় আগে তাঁর ইউরিনারি ব্লাডারে ক্যানসার শনাক্ত হয়। এরপর থেকে নিয়মিত কেমোথেরাপি চলছে।
পাশাপাশি তিনি কিডনি জটিলতায়ও ভুগছেন। গত কয়েক মাস ধরে তাঁর রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা ৬ দশমিক ৫-এর ওপরে রয়েছে।
ক্যানসারের দীর্ঘমেয়াদি চিকিৎসার সঙ্গে কিডনি জটিলতা যুক্ত হওয়ায় তাঁর চিকিৎসা আরও ব্যয়বহুল ও কঠিন হয়ে উঠেছে।
পরিবারের পক্ষে দীর্ঘমেয়াদি এই চিকিৎসার ব্যয় বহন করা কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন স্বজনেরা।
নাসরীন জাহানের চিকিৎসায় সহযোগিতার জন্য সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন সাহিত্যাঙ্গনের ব্যক্তিরা।
তাঁর চিকিৎসায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম।
তিনি বলেন, “সংকটের সময়ে একজন মানুষের পাশে আরেকজন মানুষ দাঁড়াবে—এটাই তো মানবিকতার সবচেয়ে সুন্দর পরিচয়।
আসুন, আমরা সকলে মিলে কথাশিল্পী নাসরীন জাহানের পাশে দাঁড়াই।
তাঁর পাশে দাঁড়াতে আমাদের এতটুকু সহযোগিতাই এখন অনেক বড় বিষয়।”
পরিবারের পক্ষে দীর্ঘমেয়াদি চিকিৎসার ব্যয় বহন করা অসম্ভব হয়ে পড়েছে উল্লেখ করে নাসরীন জাহানের নিকটাত্মীয় কবি ফরিদ কবির সুহৃদদের সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন।
চিকিৎসার ব্যয় মেটাতে নাসরীন জাহানের নামে সরাসরি আর্থিক সহায়তা পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
আর্থিক সহায়তা পাঠানোর ঠিকানা: নাম: Nasreen Jahan ব্যাংক: Mutual Trust Bank Limited শাখা: Panthapath Branch অ্যাকাউন্ট নম্বর: 00303 1001 2266 SWIFT Code: MTBL BDDH বিকাশ: 01713006487।
বাংলা সাহিত্যের শক্তিমান কথাসাহিত্যিক নাসরীন জাহান তাঁর প্রথম উপন্যাস ‘উড়ুক্কু’ প্রকাশের পরই পাঠকমহলে পরিচিতি লাভ করেন।
পরবর্তী সময়ে গল্প, উপন্যাসসহ বিভিন্ন ধরনের লেখালেখির মাধ্যমে তিনি বাংলা সাহিত্যে নিজস্ব একটি জগৎ নির্মাণ করেছেন।
তাঁর সাহিত্যকর্ম পাঠকের পাশাপাশি সমালোচকদেরও দৃষ্টি আকর্ষণ করেছে।
বাংলা একাডেমি পুরস্কারসহ তিনি পেয়েছেন বিভিন্ন পুরস্কার ও সম্মাননা।
এ পর্যন্ত তাঁর ৫০টির বেশি গ্রন্থ প্রকাশিত হয়েছে।