নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ
সারা বাংলাদেশের ন্যায় নারায়ণগঞ্জে নিকাহ্ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র সুরক্ষার দাবীতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সোমবার ১৬ নভেম্বর সকাল ১১টায় বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ও নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলার আয়োজনে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জেলার সকল নিকাহ্ রেজিস্ট্রারদের অংশ গ্রহণে জেলা প্রশাসক নারায়ণগঞ্জ এর কার্যালয় প্রাঙ্গণে এ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
অবস্থান কর্মসূচিতে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ও নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি আলহাজ্ব কাজী মো. ফারুক আহমেদ এর সভাপতিত্বে নারায়ণগঞ্জ জেলার সকল নিকাহ্ রেজিস্ট্রারবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতি বক্তব্যে বলেন, আমরা নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কোনো ব্যক্তিগত স্বার্থে একত্রিত হইনি।
আমরা সমবেত হয়েছি আমাদের ন্যায্য অধিকার আদায় এবং নিকাহ্ রেজিস্ট্রার পেশার মর্যাদা ও অস্তিত্ব রক্ষার তাগিদে।
আমাদের এই কলম বিরতি এবং শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি সরকারের বিরুদ্ধে নয়, বরং ২০০৯ সালের মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা অনুযায়ী আমাদের যৌক্তিক দাবিগুলো প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার একটি বিনীত প্রচেষ্টা।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে আমরা অত্যন্ত নিষ্ঠা, সততা এবং সামাজিক দায়বদ্ধতার সাথে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছি।
কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আজ আমাদের পেশাগত নিরাপত্তা হুমকির মুখে।
তাই ২০০৯ সালের বিধিমালার আলোকে আমরা সরকারের কাছে আমাদের সুস্পষ্ট ৫ দফা দাবি তুলে ধরছি:
প্রথমত, আমাদের কর্মপরিধি বা অধিক্ষেত্র বহাল রাখতে হবে।
অধিক্ষেত্র সংকুচিত বা পরিবর্তন করা হলে কাজীদের দীর্ঘদিনের পেশাগত শৃঙ্খলা নষ্ট হবে এবং জনভোগান্তি বাড়বে।
দ্বিতীয়ত, কোনো কাজী অবসর গ্রহণ করলে বা মৃত্যুবরণ করলে, সেই শূন্য পদে তার যোগ্য পুত্রকে নিয়োগ দেওয়ার যে ঐতিহ্য ও বিধান রয়েছে, তা যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে।
তৃতীয়ত, ঐতিহ্যবাহী ও বিশেষায়িত এই পেশায় সাধারণ বা জেনারেল নিয়োগ প্রক্রিয়া অবিলম্বে বাতিল করতে হবে।
মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত ও যোগ্য আলেমদেরই এই পবিত্র দায়িত্বে অগ্রাধিকার দিতে হবে।
চতুর্থত, বর্তমান বাজারদর এবং জীবনযাত্রার ব্যয়ের সাথে সংগতি রেখে বিবাহ ও তালাক নিবন্ধন ফি যৌক্তিক হারে বৃদ্ধি করতে হবে।
কারণ দীর্ঘদিন আগের নির্ধারিত ফিতে বর্তমান সময়ে একজন কাজীর অফিস পরিচালনা এবং পরিবার-পরিজন নিয়ে চলা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।
পঞ্চমত, বাস্তবতা ও সামাজিক প্রেক্ষাপট বিবেচনা করে এবং বাল্যবিবাহ রোধের নামে হয়রানি বন্ধ করতে বিবাহের ক্ষেত্রে বর ও কনের ন্যূনতম বয়স পুনর্বিবেচনা করে ১৬/১৮ বছর করার দাবি জানাচ্ছি।
বক্তব্য তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, বর্তমান সরকার এবং মাননীয় জেলা প্রশাসক মহোদয় আমাদের এই যৌক্তিক দাবিগুলো অত্যন্ত সহানুভূতির সাথে বিবেচনা করবেন।
আমাদের এই শান্তিপূর্ণ কলম বিরতির মাধ্যমে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
আশা করি, দ্রুত সময়ের মধ্যে আমাদের এই ৫ দফা দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে এবং আমাদের কর্মপরিবেশ ফিরিয়ে দেওয়া হবে।
কর্মবিরতি ও অবস্থান কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, কাজী মো. মাসুম বিল্লাহ, কাজী মো. আব্দুর রব, কাজী মো, ইউসুফ আলী, কাজী মো. ইসমাইল তারেক, কাজী মো. আজিজুল ইসলাম, কাজী মো. আল আমিন, কাজী মো. আব্দুল হক, কাজী মো. সাইফুল ইসলাম সহ নারায়ণগঞ্জ জেলার সকল নিকাহ্ রেজিস্ট্রারবৃন্দ উপস্থিত ছিলেন।