নিজস্ব প্রতিবেদক
পরিবেশবান্ধব ও যাত্রীবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে আগামী তিন বছরে দেশে ১ হাজার বৈদ্যুতিক বাস আমদানির পরিকল্পনা নিয়েছে সরকার।
এর মধ্যে রাজধানী ঢাকার জন্য ২০০টি বাস বরাদ্দ রাখার পরিকল্পনা রয়েছে।
বাকি বাসগুলো দেশের বিভিন্ন অঞ্চলের সড়কে চলাচল করবে।
সরকারের বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সম্পর্কে বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) দেওয়া এক সাক্ষাৎকারে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গণপরিবহন সেবার মান উন্নত করতেই সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে।
পরিকল্পনা অনুযায়ী, ঢাকায় প্রাথমিকভাবে ২০০টি বৈদ্যুতিক বাসের বহর গড়ে তোলা হবে। এর প্রথম ধাপে ৫০টি বাস দেশে আসার কথা রয়েছে।
পরবর্তী সময়ে আগামী ফেব্রুয়ারির মধ্যে আরও ১০০টি বাস আসবে বলে আশা করা হচ্ছে।
পরিকল্পিত বাসগুলোর মধ্যে ৫০টি থাকবে গোলাপি রঙের। এসব বাস শুধু নারী যাত্রীদের যাতায়াতের জন্য নির্ধারিত থাকবে। নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।
অন্যদিকে, আরও ৫০টি বাস হবে লাল রঙের সাধারণ সার্ভিসের। এসব বাসে নারী ও পুরুষ উভয় যাত্রীই চলাচল করতে পারবেন।
বাসগুলোর আকারের ক্ষেত্রেও ভিন্নতা রাখা হবে। নারীদের জন্য নির্ধারিত গোলাপি বাসগুলোর দৈর্ঘ্য হবে ৯ মিটার।
অন্যদিকে, লাল রঙের সাধারণ সার্ভিসের বাসগুলোর দৈর্ঘ্য হবে ১২ মিটার।
বৈদ্যুতিক বাসগুলোর নিয়মিত ও নির্বিঘ্ন পরিচালনা নিশ্চিত করতে ঢাকায় বাস রক্ষণাবেক্ষণ এবং অন্যান্য কারিগরি সুবিধার জন্য পর্যাপ্ত জায়গা বরাদ্দ রাখার পরিকল্পনাও রয়েছে সরকারের।
তবে বাসগুলোর আসনসংখ্যা এখনো চূড়ান্ত করা হয়নি। বাসের আকার ও ভেতরের আসনবিন্যাসের ওপর ভিত্তি করে আসনসংখ্যা নির্ধারণ করা হবে বলে আশা করা হচ্ছে।
এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য হলো প্রচলিত জ্বালানির ওপর নির্ভরশীলতা কমানো, বায়ুদূষণ নিয়ন্ত্রণ করা এবং ঢাকা ছাড়াও দেশের অন্যান্য অঞ্চলে আরও টেকসই ও যাত্রীবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলা।
এদিকে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ইতোমধ্যে বিভিন্ন রুটে পিংক বাস চালু করা হয়েছে।
বিআরটিসির জেনারেল ম্যানেজার (আইসিডব্লিউএস ও প্রশিক্ষণ) প্রকৌশলী ফাতিমা বেগম বলেন, এসব বাস পরিচালনার জন্য হালকা যানবাহন চালানোর লাইসেন্সধারী নারী চালকদের ভারী যানবাহন চালানোর উপযোগী করে প্রশিক্ষিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ লক্ষ্যে বিআরটিসির প্রশিক্ষণ কার্যক্রম শিগগিরই শুরু হবে।
প্রাথমিকভাবে নির্বাচিত নারী চালকদের সম্পূর্ণ বিনামূল্যে ১ থেকে ৪ মাস মেয়াদি ভারী যানবাহন চালানোর প্রশিক্ষণ দেওয়া হবে।
ফাতিমা বেগম বলেন, নারীদের জন্য নিরাপদ পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে চায় সরকার।
এই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে বিআরটিসি ইতোমধ্যে নারী চালক পরিচালিত পিংক বাস সার্ভিস চালু করেছে।
আরও উন্নত পরিবহনসেবা সম্প্রসারণের লক্ষ্যে নারীদের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত ইভি পিংক বাস সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, পিংক বাস সার্ভিস চালুর পর থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। এই সেবা মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে না।
বরং মহানগরীসহ সারাদেশে নারীদের জন্য নিরাপদ যাতায়াতের পরিবেশ নিশ্চিত করাই এর মূল লক্ষ্য।
ফাতিমা বেগম জানান, বর্তমানে রক্ষণশীল পরিবারের সদস্যরাও তাদের পরিবারের নারীদের গাড়ি চালানোর প্রশিক্ষণ নিতে উৎসাহিত করছেন।
এর ফলে নারীরা দক্ষ চালক হিসেবে নিজেদের গড়ে তুলে দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেতে পারবেন।
সরকারের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনা।
এ লক্ষ্য বাস্তবায়নে বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে বিআরটিসি বিশেষ করে তরুণদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ চালক হিসেবে গড়ে তোলার কাজ করছে।
ফাতিমা বেগমের মতে, এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা দেশে ও বিদেশে মর্যাদাপূর্ণ পদে সম্মানজনক বেতনে চাকরির সুযোগ পাবেন।
বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশ রোড সেফটি প্রকল্প এবং এডিবির অর্থায়নে স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (সিসিপ)—এই দুটি পৃথক প্রকল্পের আওতায় বিআরটিসি নতুন চালকদের বিনামূল্যে হালকা যানবাহন চালানোর প্রশিক্ষণ দিচ্ছে।
প্রকল্প দুটির মাধ্যমে প্রায় ৬৮ হাজার মানুষকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে এ দুটি প্রকল্পের আওতায় উল্লেখযোগ্যসংখ্যক নারী হালকা যানবাহন চালানোর প্রশিক্ষণ নিয়েছেন।
প্রশিক্ষণ শেষে তাদের অনেকেই দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন।
ফাতিমা বেগম আরও বলেন, বিভিন্ন জরিপে দেখা গেছে, পুরুষ চালকদের তুলনায় নারী চালকরা বেশি সতর্কতার সঙ্গে গাড়ি চালান।
বাংলাদেশের মতো পুরুষতান্ত্রিক মানসিকতাপ্রধান সমাজে নারী চালক ও সহকারী পরিচালিত গণপরিবহনে নারী যাত্রীরা তুলনামূলক বেশি নিরাপদ ও স্বাচ্ছন্দ্য বোধ করেন।
এই বিষয়টি বিবেচনায় রেখেই সরকার পিংক বাস সার্ভিস চালু করেছে এবং ভবিষ্যতে এ সেবা আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
এদিকে নারী চালকদের জন্য নতুন প্রশিক্ষণের সুযোগ সম্পর্কে বিআরটিসির গাজীপুর প্রশিক্ষণ ইনস্টিটিউটের ব্যবস্থাপক মুহাম্মদ মাশিউজ্জামান বলেন, প্রশিক্ষণ শেষে যারা সফলভাবে রোড পারফরম্যান্স টেস্টে উত্তীর্ণ হবেন, তাদের প্রয়োজন অনুযায়ী এবং করপোরেশনের বিদ্যমান প্রশাসনিক ও আর্থিক বিধিবিধান অনুসরণ করে দৈনিক মজুরির ভিত্তিতে চালক হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে।
তিনি আরও জানান, ভবিষ্যতে বিআরটিসিতে স্থায়ী চালকের পদে নিয়োগের ক্ষেত্রেও এসব প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
তবে সে ক্ষেত্রে আনুষ্ঠানিক নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে সংশ্লিষ্ট যোগ্যতার শর্ত পূরণ করতে হবে।