নিজস্ব প্রতিবেদক
বহরে নতুন উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনার অংশ হিসেবে ১০টি এয়ারবাস কেনার চুক্তি করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
আগামী ০৭ অক্টোবর ঢাকায় এ চুক্তি সই হওয়ার কথা রয়েছে। চুক্তির আওতায় থাকবে চারটি এ৩৫০-৯০০ এবং ছয়টি এ৩২১নিও উড়োজাহাজ।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় রাজধানীর র্যাডিসন হোটেলে চুক্তি সই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
চুক্তিতে এয়ারবাস ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জুর্গেন ওয়েস্টারমেয়ার এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাইজার সোহেল আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করবেন।
অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
চুক্তির আওতায় চারটি এ৩৫০-৯০০ উড়োজাহাজ দীর্ঘ পাল্লার আন্তর্জাতিক রুটে ব্যবহারের পরিকল্পনা রয়েছে।
অন্যদিকে ছয়টি এ৩২১নিও পরিচালনা করা হবে আঞ্চলিক ও মাঝারি দূরত্বের রুটে।
ফলে আন্তর্জাতিক দীর্ঘপাল্লার পাশাপাশি আঞ্চলিক রুটেও বিমানের যাত্রী পরিবহনের সক্ষমতা বাড়ানোর সুযোগ তৈরি হবে।
এর আগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছিলেন, বাংলাদেশ ১০টি এয়ারবাস কিনছে।
সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেছিলেন, ‘আমরা ১০টি এয়ারবাস কিনছি।
ইনশাআল্লাহ, অক্টোবরে চুক্তি হবে।’ মন্ত্রী জানান, নতুন এয়ারবাসগুলোর সরবরাহ ২০৩৩ সালে শুরু হতে পারে। পর্যায়ক্রমে সরবরাহ ২০৩৬ বা ২০৩৭ সাল পর্যন্ত চলতে পারে।
তবে ১০টি উড়োজাহাজ কেনার চুক্তির মোট বাণিজ্যিক মূল্য এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
নতুন উড়োজাহাজ যুক্ত হলে বিমানের বহরে বড় ধরনের পরিবর্তন আসবে। বর্তমানে সংস্থাটির জেট উড়োজাহাজের বড় অংশই বোয়িংয়ের তৈরি।
এয়ারবাসের এ৩৫০-৯০০ ও এ৩২১নিও বহরে যুক্ত হলে প্রথমবারের মতো বিমান একই সঙ্গে বোয়িং ও এয়ারবাস—দুই নির্মাতার উড়োজাহাজ পরিচালনা করবে।
এয়ারবাস কেনার উদ্যোগটি বিমানের দীর্ঘমেয়াদি বহর সম্প্রসারণ পরিকল্পনার অংশ। এর আগে বিমান ১৪টি বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে সম্মত হয়েছিল।
পরে ওই পরিকল্পনায় আরও ১১টি বোয়িং যুক্ত হওয়ায় মোট ২৫টি বোয়িং উড়োজাহাজ কেনার পরিকল্পনা করা হয়েছে।
এভাবে এয়ারবাসের ১০টি উড়োজাহাজের পাশাপাশি নতুন বোয়িংগুলোও বহরে যুক্ত করার পরিকল্পনা বাস্তবায়িত হলে বিমানের বহর আধুনিকায়ন ও সম্প্রসারণে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে।
একই সঙ্গে দীর্ঘদিনের বোয়িংনির্ভর ক্রয় পরিকল্পনায় আনুষ্ঠানিকভাবে এয়ারবাসও যুক্ত হবে।