আ জা আন্তর্জাতিক ডেক্স
অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করেছে মালয়েশিয়া।
চলতি বছরের প্রথম নয় মাসে দেশটির বিভিন্ন এলাকায় ১০ হাজার ৩৭৪টি অভিযান চালিয়ে ৩৭ হাজার ৩১৩ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল শনিবার (০৩ অক্টোবর) এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমস।
বিবৃতিতে বলা হয়, ১ জানুয়ারি থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশজুড়ে এসব অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের আওতায় বিভিন্ন স্থানে মোট ১ লাখ ৩৭ হাজার ৬০৩ জনকে পরীক্ষা ও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
এর মধ্যে ৩৭ হাজার ৩১৩ জনকে অবৈধ অভিবাসী হিসেবে গ্রেপ্তার করা হয়।
তবে এবার শুধু অবৈধভাবে মালয়েশিয়ায় অবস্থানরত বিদেশিদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
তাদের নিয়োগ, আশ্রয় দেওয়া কিংবা অবৈধ অবস্থান থেকে আর্থিকভাবে লাভবান হওয়া ব্যক্তিদেরও অভিযানের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম নয় মাসে অবৈধ অভিবাসীদের নিয়োগ দেওয়ার অভিযোগে ১ হাজার ৮০৯ জন নিয়োগকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তাঁদের মধ্যে ১ হাজার ৬৯২ জনই মালয়েশিয়ার নাগরিক। সাইফুদ্দিন নাসুশন ইসমাইল বলেন, শুধু অবৈধ অভিবাসীদের আটক করলেই সমস্যার সমাধান হবে না।
যারা তাদের নিয়োগ, আশ্রয় কিংবা অন্যান্য সুবিধা দিচ্ছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
কম খরচে শ্রম পাওয়ার জন্য অবৈধ শ্রমিক নিয়োগের প্রবণতাই দীর্ঘদিন ধরে এই সমস্যাকে টিকিয়ে রেখেছে বলেও মন্তব্য করেন তিনি।
মন্ত্রণালয়ের পরিসংখ্যান বলছে, মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী নিয়োগের অভিযোগে নিয়োগকর্তা গ্রেপ্তারের সংখ্যা সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
২০২৩ সালে এ ধরনের মামলায় ৩৪৬ জন নিয়োগকর্তা গ্রেপ্তার হন। ২০২৪ সালে তা বেড়ে দাঁড়ায় ১ হাজার ৮৫৯ জনে।
২০২৫ সালে গ্রেপ্তার হন ২ হাজার ২০২ জন। চলতি বছরের প্রথম নয় মাসেই নিয়োগকর্তা গ্রেপ্তারের সংখ্যা ১ হাজার ৮০৯-এ পৌঁছেছে।