নিজস্ব প্রতিবেদক ফেনী
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দায়িত্ব পালনকালে দ্রুতগামী একটি ট্রাকের চাপায় মো. আলমগীর হোসেন (৪৬) নামে ১ এসআরবি সদস্য মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন।
তিনি প্রেষণে ফেনীর এসআরবি-৭ এ কর্মরত ছিলেন (মূল পদে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার)।
রবিবার ০৪ অক্টোবর মধ্যরাত ১টার দিকে মহাসড়কের ফতেহপুর স্টার লাইন পাম্প সংলগ্ন চট্টগ্রামমুখী লেনে সন্দেহভাজন যানবাহনে তল্লাশিকালে এ দুর্ঘটনা ঘটে, নিহত আলমগীর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার শান্তিবাগ গ্রামের মৃত নুর উদ্দিন আহমেদের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার সময় এসআরবি-৭ এর ১টি টিম সড়কের ১ পাশে ১টি কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশি করছিল, এ সময় একই পথ দিয়ে আসা অপর ১টি ট্রাককে থামার সংকেত দেন,
দায়িত্বরত সদস্যরা, তবে ট্রাকটি সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং নিয়ন্ত্রণ হারিয়ে থামানো কাভার্ডভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়, একই সাথে সড়কের বাম পাশে থাকা এসআরবি সদস্য আলমগীরকে পিষে দিয়ে ট্রাকটি পাশে থাকা ১টি গর্তে পড়ে যায়।
পরবর্তীতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর বার্তা পেয়ে মহিপাল হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত আলমগীর ও ট্রাকচালক মো. সজিবকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠায়, তবে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলমগীরকে মৃত ঘোষণা করেন, আহত ট্রাকচালক সজিব (বরিশালের বাকেরগঞ্জ উপজেলার অধিবাসী) বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
ফেনী মহিপাল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নোমান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে, দুর্ঘটনা কবলিত গাড়ি ২টি পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
নিহতের সহকর্মী ও এসআরবি-৭ এর সহকারী পরিচালক এআরএম মোজাফফর হোসেন জানান, অর্পিত দায়িত্ব পালনরত অবস্থাতেই তাঁদের সদস্য আলমগীর হোসেনের অকাল মৃত্যু হয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ও প্রাতিষ্ঠানিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।