নিজস্ব প্রতিবেদক
দেশের অর্থবছরের প্রচলিত কাঠামোয় বড় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
২০২৮-২৯ অর্থবছর থেকে জুলাই-জুনের পরিবর্তে এপ্রিল-মার্চ সময়সীমাকে নতুন অর্থবছর হিসেবে কার্যকর করা হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বর্তমানে বাংলাদেশে অর্থবছর শুরু হয় ১ জুলাই এবং শেষ হয় পরবর্তী বছরের ৩০ জুন।
তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, জুলাই-আগস্টের বর্ষা মৌসুমে অবকাঠামো উন্নয়ন ও নির্মাণকাজ পরিচালনায় বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়।
বর্ষার কারণে উন্নয়ন প্রকল্পের কাজ পিছিয়ে যায়, পাশাপাশি কাজের মানেও নেতিবাচক প্রভাব পড়ে। একই সঙ্গে নির্মাণকাজের কারণে সাধারণ মানুষের ভোগান্তিও বাড়ে।
এসব বিষয় বিবেচনায় নিয়ে বর্ষা শুরুর আগেই উন্নয়ন ও নির্মাণকাজ শেষ করার লক্ষ্যেই অর্থবছরের সময় পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে একবারে নতুন কাঠামোয় না গিয়ে ধাপে ধাপে পরিবর্তনটি কার্যকর করা হবে। রূপান্তরকালীন অর্থবছর ২০২৭-২৮: ২০২৭-২৮ অর্থবছরকে ট্রানজিশনাল বা রূপান্তরকালীন অর্থবছর হিসেবে ধরা হবে।
ওই অর্থবছরটি নয় মাসে শেষ করা হবে। অর্থাৎ, জুলাই থেকে শুরু হয়ে পরবর্তী বছরের মার্চেই তা শেষ হবে।
নতুন কাঠামো ২০২৮-২৯ থেকে: রূপান্তরকাল শেষ হওয়ার পর ২০২৮-২৯ অর্থবছর থেকে এপ্রিল-মার্চ চক্রে ফিরবে দেশের অর্থবছর।
তখন সরকারের বাজেট ও অন্যান্য কার্যক্রম নতুন সময়সীমা অনুযায়ী পরিচালিত হবে।