নিজস্ব প্রতিবেদক
ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং—‘র’ (RAW)-এর প্রধান পরাগ জৈন সরকারি সফরে ঢাকায় এসেছেন।
বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যেই তাঁর এ সফরকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
সরকারের একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আমন্ত্রণে চার সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পরাগ জৈন।
তবে ভারতীয় প্রতিনিধি দলের ঢাকা সফর নিয়ে দুই দেশের কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।
পরাগ জৈন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) সচিবের দায়িত্বের পাশাপাশি স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) স্পেশাল সেক্রেটারির দায়িত্বেও রয়েছেন।
ঢাকা সফরে তাঁর সঙ্গে রয়েছেন অশ্বীন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি ও শৈবাল রায় চৌধুরী।
রোববার ০৯ আগস্ট দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে প্রতিনিধি দলের সদস্যরা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
সফরকালে তারা ঢাকার একটি হোটেলে অবস্থান করবেন বলে সরকারি সূত্রটি জানিয়েছে। এদিকে, বাংলাদেশ সফরে আসার আগে ‘র’ প্রধান পরাগ জৈন চীন সফর করেছেন বলেও জানা গেছে।
দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার চলমান প্রচেষ্টার মধ্যে তাঁর ঢাকা ও বেইজিং সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।