নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে যাত্রীবাহী বাসে আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচল ১৬ যাত্রী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে মহাসড়কের সানারপাড় ইউটার্ন এলাকায় ঢাকা মুখী লেনের ঘটনা এটি।
খবর পেয়ে কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাসে থাকা যাত্রীদের ভাষ্য, মেঘলা পরিবহনের একটি বাস গাউছিয়া থেকে কলাবাগানের উদ্দেশে যাচ্ছিল।
বাসটিতে প্রায় ১৬ জন যাত্রী ছিলেন। বাস ছাড়ার কিছুক্ষণ পর দুই যুবক পেছনের দিকে চলে যান।
এর দুই থেকে তিন মিনিট পর বাসের পেছনের অংশে আগুনের সূত্রপাত হয়। এ সময় যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে পড়েন।
ওই দুই যুবকও দ্রুত পালিয়ে যান। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, বাসের একেবারে পেছনের বাম পাশের কোণার একটি আসনে প্রথমে আগুন দেখতে পান যাত্রীরা।
মুহূর্তেই তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে সবাই দ্রুত বাস থেকে নেমে যান।