নিজস্ব প্রতিবেদক
এলএনজি, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানিতে সরকারকে বিপুল পরিমাণ ভর্তুকি দিতে হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
তিনি জানান, চলতি বছরের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত ছয় মাসে এ খাতে ৩৪ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে তিন দিনব্যাপী চতুর্থ বাংলাদেশ জ্বালানি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘জ্বালানি নিরাপত্তায় নবায়নযোগ্য জ্বালানির কোনো বিকল্প নেই’ প্রতিপাদ্যে এ সম্মেলন শুরু হয়েছে।
রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, শুধু বিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে জ্বালানি সংকটের সমাধান সম্ভব নয়। উৎপাদন, সঞ্চালন ও বিতরণ—জ্বালানি ব্যবস্থার প্রতিটি পর্যায়ে দক্ষতা বাড়াতে হবে।
এলএনজি আমদানিতে বিপুল ভর্তুকির কারণে রাষ্ট্রের ওপর আর্থিক চাপ তৈরি হচ্ছে।
এ পরিস্থিতি মোকাবিলায় আমদানিনির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির সক্ষমতা বাড়ানো প্রয়োজন।
তিনি জানান, ২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানির অংশ ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।
এ লক্ষ্যে দেড় হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
এই অর্থের মাধ্যমে গ্রামের মানুষ ৬ শতাংশ সুদে ১২ বছরে পরিশোধযোগ্য ঋণ নিয়ে সৌরবিদ্যুৎ স্থাপনের সুযোগ পাবেন।
পাশাপাশি সরকারি ও বাণিজ্যিক ভবনের ছাদ এবং উপযুক্ত কৃষিজমিতে সৌরবিদ্যুৎ সম্প্রসারণের সুযোগ রয়েছে।
উপদেষ্টা নবায়নযোগ্য জ্বালানিকে জাতীয় জ্বালানি ব্যবস্থার মূল ধারায় নিয়ে আসার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বাংলাদেশের প্রতিবেশ ও উন্নয়ন বিষয়ক কর্মজোটের (বিডব্লিউজিইডি) সদস্যসচিব হাসান মেহেদী বলেন, বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা বর্তমান নীতিতে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি।
এ সম্ভাবনা কাজে লাগাতে বড় বড় বিদ্যুৎকেন্দ্রের ওপর নির্ভরতা কমিয়ে সাধারণ মানুষকে বিদ্যুৎ উৎপাদনে সম্পৃক্ত করতে হবে।
তিনি আরও বলেন, বিকেন্দ্রীভূত ও জনগণের মালিকানাভিত্তিক বিদ্যুৎব্যবস্থা গড়ে তুলতে পারলে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিদ্যুৎ খাতে মানুষের অংশগ্রহণও বাড়বে। সূত্র: বাসস।