নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
চট্টগ্রাম মিরসরাইয়ে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
শনিবার (২৮ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। পরে ব্যাংকের নাইটগার্ড ও কর্মকর্তারা মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। মিরসরাই সদরের গ্রামীণ ব্যাংক শাখার ব্যবস্থাপক আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে আজাদীকে জানান, বৃহস্পতিবার অফিস শেষে তিনি ও কয়েকজন কর্মী বাড়ি চলে যান।
শনিবার ২৮ নভেম্বর সকালে অগ্নিসংযোগের ঘটনা সম্পর্কে জানতে পারেন।
তিনি জানান, ঘটনার সময় নাইটগার্ড রনজিত কুমার নাথ বাইরে পাহারায় ছিলেন।
ভোরে আলো ফোটার আগে গাছপালার আড়াল থেকে কয়েকজন দুর্বৃত্ত শাখার সামনের সাইনবোর্ড, গেটের ভেতরের অংশ ও দোতলার দিকে কয়েকটি পেট্রল বোমা নিক্ষেপ করে।
এতে দেয়াল ও গেটে আগুন ধরে যায়। নাইটগার্ড বিষয়টি জানাতে ফোন করতে শুরু করলে দোতলায় থাকা প্রোগ্রাম ম্যানেজার জুনায়েদ হোসেনসহ অন্যরা ছুটে আসেন।
পরে সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর মধ্যে মিরসরাই থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন আলামত সংগ্রহ করে।
পাশাপাশি ঘটনাস্থল ও আশপাশের এলাকায় টহল দেয়।
তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, ‘আমাদের ধারণা, এই ভিডিও ফুটেজটি এআই দিয়ে তৈরি।
তবে আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’ তবে সরেজমিনে অগ্নিসংযোগের ঘটনার সত্যতা পাওয়ার কথা জানানো হলে এ বিষয়ে আর কোনো মন্তব্য না করে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন ওসি।