নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার থেকে ঢাকার পথে উড্ডয়নের পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের পেছনের চাকা বিচ্ছিন্ন হয়ে যায়।
বিষয়টি বুঝতে পেরে পাইলট ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে সতর্ক করেন।
পরে প্রয়োজনীয় প্রস্তুতি শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করে।
এতে কোনো যাত্রী বা ক্রু আহত হননি। বিমানবন্দর ও এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) সূত্রে জানা গেছে, ফ্লাইট বিজি-৪৩৬ কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার পরপরই চাকা বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটে।
উড়োজাহাজটির নিবন্ধন নম্বর এস২-একেই। জরুরি অবতরণের আগে উড়োজাহাজের ওজন কমাতে পাইলটকে আকাশে কয়েকবার চক্কর দিতে হয়।
ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, উড়োজাহাজটি টাঙ্গাইলের নাগরপুর ও দেলদুয়ার এলাকার আকাশে চক্কর দেয়।
এ সময় এটি প্রায় ৬ হাজার ১০০ ফুট উচ্চতায় ঘণ্টায় ১৮৮ নট গতিতে উড়ছিল।
অবতরণের ঝুঁকি বিবেচনায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে সাময়িকভাবে সব ধরনের উড্ডয়ন ও অবতরণ বন্ধ রাখা হয়।
ঢাকা টাওয়ারের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় বিকেল ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত রানওয়ে বন্ধ ছিল।
এদিকে জরুরি অবতরণের প্রস্তুতি হিসেবে রানওয়েতে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্সসহ উদ্ধার ও জরুরি সেবার দল মোতায়েন করা হয়।
পরে পাইলট উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করান। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, উড়োজাহাজে থাকা সব যাত্রী ও ক্রু নিরাপদ রয়েছেন।