নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
চট্টগ্রাম বাঁশখালীতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্য পরিচয় দিয়ে মো. এহসান ওরফে হাসান (৩৫) নামের এক ব্যবসায়ীকে হাতকড়া পরিয়ে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় সন্দেহভাজন একজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের প্রেমবাজার এলাকায় নিজের ব্যবসাপ্রতিষ্ঠান আব্দুল্লাহ এন্টারপ্রাইজ থেকে তাঁকে নিয়ে যাওয়া হয়।
নিখোঁজ এহসান পশ্চিম পুঁইছড়ি এলাকার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হাজী নুরুল কবিরের ছেলে।
দক্ষিণ আফ্রিকায় টানা ১২ বছর থাকার পর দেশে ফিরে তিনি প্রেমবাজারে হার্ডওয়্যারের ব্যবসা শুরু করেন।
কালো পোশাকে এসে হাতকড়া পরানোর অভিযোগ:
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শনিবার রাত ৮টার দিকে কালো পোশাক ও মুখে কালো মাস্ক পরা চার ব্যক্তি এহসানের ব্যবসাপ্রতিষ্ঠানে আসেন।
তাঁদের মধ্যে দুজন দোকানের ভেতরে ঢুকে এহসানকে হাতকড়া পরিয়ে নিয়ে যান।
অন্য দুজন বাইরে অবস্থান করছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই ব্যক্তিদের পোশাকে এসআরবির লোগো ছিল। তবে সেটি নকল বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথমে সিএনজিচালিত অটোরিকশায় এহসানকে নাপোড়া থেকে কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং হাজী বাজারে নেওয়া হয়।
পরে সেখান থেকে আরেকটি অটোরিকশায় তাঁকে চকরিয়ার বরইতলী নতুন রাস্তার মাথার দিকে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।
এহসানের চাচাতো ভাই জসিম উদ্দিন বলেন, প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে তাঁরা জানতে পেরেছেন, এসআরবি পরিচয়ে তাঁর ভাইকে নিয়ে যাওয়া ব্যক্তিরা প্রকৃতপক্ষে ওই বাহিনীর সদস্য নন।
কারা এবং কী কারণে এহসানকে নিয়ে গেছেন, সে বিষয়ে তাঁরা কিছু জানেন না।
বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।
সন্দেহভাজন একজন পুলিশ হেফাজতে:
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক জানান, পরিবারের অভিযোগের ভিত্তিতে পেকুয়ার নেজাম উদ্দিন ওরফে রেজু (৪২) নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে রাখা হয়েছে।
ব্যবসায়ীকে উদ্ধারের পাশাপাশি ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশের একাধিক দল কাজ করছে।
র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফ্ফর হোসেন জানান, ব্যবসায়ীকে তুলে নেওয়ার ঘটনায় এসআরবির পরিচয় ব্যবহারকারীরা প্রকৃত সদস্য নন।
র্যাবও বিষয়টি তদন্ত করছে। তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে এলে তা জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।