হাকিকুল ইসলাম খোকন নিউ ইয়র্ক থেকে:
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া সামনে রেখে ট্রাম্প যখন রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ত সময় পার করছেন, তখন গুরুত্বপূর্ণ দলীয় আয়োজন গুলোতে মেলানিয়ার অনুপস্থিতি এবং একটি অনুষ্ঠানে তাদের আচরণ ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা আলোচনা চলছে।খবর আইবিএননিউজ ।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ট্রাম্পের সঙ্গে এক নারী সহকর্মীর কথিত ঘনিষ্ঠতা নিয়ে গুঞ্জনের মধ্যেই মেলানিয়ার সঙ্গে তার সম্পর্কের টানাপোড়েন নিয়ে আলোচনা আরও জোরালো হয়েছে।
যদিও তাদের দাম্পত্য সম্পর্কে কোনো সংকটের বিষয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
রিপাবলিকান সম্মেলনে থাকছেন না মেলানিয়া:
মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে আজ ০৯ সেপ্টেম্বর বুধবার ও বৃহস্পতিবার টেক্সাসের ডালাসে সম্মেলনের আয়োজন করছে রিপাবলিকান পার্টি।
দলীয় গুরুত্বপূর্ণ এ আয়োজনে দুই রাতেই বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ রিপাবলিকান পার্টির শীর্ষ নেতারাও এতে অংশ নেবেন।
তবে সম্মেলনে থাকছেন না মেলানিয়া ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা।
মেলানিয়ার অনুপস্থিতির খবর এমন এক সময়ে সামনে এল, যখন কয়েক দিন ধরেই ট্রাম্প দম্পতির সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় নতুন করে আলোচনা চলছে।
ভাইরাল ভিডিও ঘিরে জল্পনা:
সম্প্রতি ‘ফ্রিডম ২৫০ গ্র্যান্ড প্রিকস’ অনুষ্ঠানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
ভিডিওতে ট্রাম্প ও মেলানিয়াকে একটি ভিআইপি বক্সে পাশাপাশি বসে থাকতে দেখা যায়।
একপর্যায়ে মেলানিয়ার দিকে ঝুঁকে ট্রাম্পকে কিছু বলতে দেখা যায়। এ সময় মেলানিয়াকে গম্ভীর ও কিছুটা আনমনা দেখাচ্ছিল বলে দাবি করছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের অনেকে।
কিছুক্ষণ পর নিজের আসন ছেড়ে অন্যদিকে চলে যান তিনি।
ট্রাম্প ও মেলানিয়ার মধ্যে ঠিক কী কথা হয়েছিল, তা অবশ্য জানা যায়নি।
ভিডিওতে তাদের কথোপকথনও স্পষ্ট নয়। তবে তাদের শারীরিক অঙ্গভঙ্গি দেখে সোশ্যাল মিডিয়ায় অনেকে দাম্পত্য সম্পর্কে টানাপোড়েনের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু করেন।
এর সঙ্গে যুক্ত হয়েছে বিভিন্ন অনুষ্ঠানে মেলানিয়ার তুলনামূলক কম উপস্থিতির বিষয়টিও।
ফলে ট্রাম্প-মেলানিয়ার সম্পর্ক নিয়ে গুঞ্জন আরও জোরালো হচ্ছে। তবে এসব আলোচনা ও সোশ্যাল মিডিয়ার জল্পনাকে এখনো নিশ্চিত কোনো তথ্য হিসেবে নেওয়ার সুযোগ নেই।
ট্রাম্প বা মেলানিয়ার পক্ষ থেকেও তাদের দাম্পত্য সম্পর্ক নিয়ে নতুন কোনো সংকটের কথা প্রকাশ্যে জানানো হয়নি।
এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ সময় পার করছেন ট্রাম্প।
রিপাবলিকান পার্টির এ সম্মেলনও নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।
ফলে সেখানে ফার্স্ট লেডির অনুপস্থিতি নিয়ে রাজনৈতিক মহলের পাশাপাশি গণমাধ্যমেও আগ্রহ তৈরি হয়েছে।