আ জা আন্তর্জাতিক ডেক্স
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার (১৮ নভেম্বর) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ কথা জানিয়েছেন।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
রুবিও বলেন, কোনো দেশের নেতার সঙ্গে বৈঠক বা আলোচনা করাকে দুর্বলতা কিংবা ছাড় দেওয়ার বিষয় হিসেবে বিবেচনা করা উচিত নয়।
যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় ধরনের মতবিরোধ রয়েছে, সেসব দেশের নেতাদের সঙ্গে আলোচনায় বসতে চান ট্রাম্প।
কারণ, আলোচনার মধ্য দিয়েই বিরোধ নিষ্পত্তির পথ তৈরি হতে পারে।
ফিলিপাইনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
তবে ট্রাম্প ও কিমের মধ্যে শিগগিরই কোনো বৈঠক অনুষ্ঠিত হবে কি না, তা এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছেন রুবিও।
তিনি বলেন, কারও সঙ্গে দেখা করা কিংবা কথা বলাকে ট্রাম্প কখনোই ছাড় দেওয়ার বিষয় হিসেবে দেখেননি।
বরং বিরোধ নিরসনে সরাসরি আলোচনার পক্ষে তিনি বরাবরই অবস্থান নিয়েছেন।
রুবিও আরও বলেন, যাদের সঙ্গে মতপার্থক্য রয়েছে, তাদের সঙ্গে কথা না বললে সমস্যার সমাধান করা সম্ভব নয়।
ট্রাম্প প্রায়ই এ ধরনের অবস্থানের কথা তুলে ধরেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান, উত্তর কোরিয়ার সঙ্গে দীর্ঘদিনের উত্তেজনা কমাতে আলোচনাকে গুরুত্ব দিচ্ছে ট্রাম্প প্রশাসন।
দুই দেশের মধ্যে কোনো সমস্যা থাকলে তা সমাধানের একমাত্র উপায় হলো আলোচনায় বসা।
তবে ট্রাম্পের বৈঠকে বসার আগ্রহের অর্থ এই নয় যে খুব শিগগিরই কিমের সঙ্গে তার সাক্ষাৎ হতে যাচ্ছে।
বিষয়টি স্পষ্ট করে রুবিও বলেন, আগামীকালই বৈঠক হবে—এমন কোনো কথা তিনি বলছেন না।
তিনি শুধু জানাচ্ছেন, ট্রাম্প বৈঠক ও আলোচনায় আগ্রহী। নিজের প্রথম মেয়াদেও উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক করেছিলেন ট্রাম্প।
রুবিও বলেন, আলোচনার মাধ্যমে ইতিবাচক কোনো ফল পাওয়া সম্ভব কি না, তা জানতে হলে উদ্যোগ নিতে হবে।
তবে শেষ পর্যন্ত বৈঠকটি নাও হতে পারে। এর আগেও ট্রাম্প বিভিন্ন সময়ে আলোচনায় বসার আগ্রহের কথা জানিয়েছেন।