রিয়াদ হোসেন দাউদ ও মাহবুব মিল্টন
টানা কয়েক দিনের ভারী বর্ষণের পরও দেশের বিভিন্ন অঞ্চলে আরো পাঁচ দিন বৃষ্টির অব্যাহত থাকবে বলে, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন।
আজ ১৩ জুলাই সোমবারও দেশের বেশিরভাগ এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে।
এ কারণে বন্যা কবলিত অঞ্চলের পরিস্থিতির আরও অবনতি এবং নগরাঞ্চলে জলাবদ্ধতা বাড়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং খুলনা ও বরিশাল বিভাগের অনেক স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
একই সঙ্গে এসব বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
সংস্থাটি জানিয়েছে, বৃষ্টির কারণে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
এদিকে রাজধানী ঢাকায়ও জলাবদ্ধতা নিয়ে উদ্বেগ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় সর্বোচ্চ ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এতে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনজীবন ব্যাহত হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের সিনপটিক বিশ্লেষণে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের মধ্যাঞ্চল অতিক্রম করে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।
এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
এ অবস্থায় সোমবার সন্ধ্যার পর থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অধিকাংশ এলাকায় এবং ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
তবে এ সময়ে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।