নিজস্ব প্রতিবেদক নারায়নগঞ্জ
নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে মাইক্রোবাসচালক রনি হত্যার প্রায় আধাঘণ্টা পর আবার ঘটনাস্থলে আসেন অভিযুক্ত আল আমীন।
সেখানে উপস্থিত লোকজনের সামনে নিজেই স্বীকার করেন, তিনি রনিকে হত্যা করেছেন।
তার এমন স্বীকারোক্তির পর তাকে আটক করে পিটুনি দেয় ক্ষুব্ধ জনতা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আজ রবিবার ১৫ নভেম্বর সকাল ৬টার দিকে নাসিকের ১ নম্বর ওয়ার্ডের মিজমিজি তেরা মার্কেটের জুয়েল রোড এলাকায় এ ঘটনা ঘটে।
এর আগে সকালে ছুরিকাঘাতে হত্যা করা হয় মাইক্রোবাসচালক রনিকে (৪১)। নিহত রনি পাইনাদী মধ্যপাড়ার ফজলুল হক মিয়ার বাড়ির ভাড়াটিয়া আলী হোসেনের ছেলে।
অভিযুক্ত আল আমীন একই এলাকার আব্দুল আলীর ছেলে। আগামীর সময়কে এসব তথ্য নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।
প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, ঘটনার সময় এক নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুর রহিমের বাড়ির সামনে অবস্থান করছিলেন আল আমীন।
এ সময় ওই পথ দিয়ে যাওয়ার সময় রনির ওপর হামলা চালান তিনি। একপর্যায়ে সঙ্গে থাকা ছুরি দিয়ে রনিকে একাধিকবার আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।