নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
চট্টগ্রাম রেঞ্জের রিজার্ভ রেঞ্জ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে।
এ অভিযোগ তদন্তে অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সাফিজুল ইসলামকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে।
এরই মধ্যে জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত ও সরকারি দুটি মোবাইল ফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকা এসবিতে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
তদন্ত কমিটি সূত্রে জানা গেছে, মঙ্গলবার চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী নিজ দপ্তরে ডেকে জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদ করেন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং তাদের কাছে তথ্য ফাঁসের অভিযোগ নিয়ে তাকে প্রশ্ন করা হয়।
এ সময় প্রাথমিকভাবে তথ্য ফাঁসের আলামত পাওয়ায় তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
এ বিষয়ে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী গণমাধ্যমকে বলেন, প্রশাসনিক কিছু বিষয়ে এসপি জাহাঙ্গীর আলমকে ডাকা হয়েছিল।
ঘটনাটি তদন্তে অতিরিক্ত ডিআইজি সাফিজুল ইসলামকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে।
জাহাঙ্গীর আলম ২০১০ সালের ১ ডিসেম্বর পুলিশ বাহিনীতে যোগ দেন।
২০২৪ সালের আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বর্তমানে তিনি চট্টগ্রাম রেঞ্জের আরআরএফের ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে কর্মরত রয়েছেন।