নিজস্ব প্রতিবেদক রাঙ্গামাটি
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি আবারও সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পর্যটনকেন্দ্রটি বন্ধ থাকবে।
একই সঙ্গে সেখানে অবস্থানরত পর্যটকদের বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৪টার মধ্যে সাজেক ছেড়ে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার সন্ধ্যায় রাঙ্গামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফীর স্বাক্ষরে জুডিশিয়াল মুন্সিখানা শাখা থেকে জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে
এ নির্দেশনা দেওয়া হয়। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত ২১ অক্টোবর সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, বর্তমানে সাজেক পর্যটন এলাকায় অবস্থানরত সব পর্যটককে ২২ অক্টোবর বৃহস্পতিবার বিকেল ৪টার মধ্যে পর্যটনকেন্দ্র ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যেতে হবে।
এর আগে গত ১১ অক্টোবরও অনিবার্য কারণ দেখিয়ে সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছিল জেলা প্রশাসন।
ওই নির্দেশনায় পর্যটকদের ১৩ অক্টোবর বিকেল ৫টার মধ্যে সাজেক ছাড়ার কথা বলা হয়।
পরে দুর্গাপূজা উপলক্ষে পর্যটকদের ভ্রমণের সুযোগ দিতে ১৫ অক্টোবর নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়।
সে অনুযায়ী, ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত সাজেকের পর্যটনকেন্দ্রগুলো পর্যটকদের জন্য উন্মুক্ত রাখা হয়েছিল।
তবে পর্যটকদের জন্য পুনরায় খুলে দেওয়ার কয়েক দিনের মধ্যেই আবারও বন্ধ ঘোষণা করা হলো দেশের অন্যতম জনপ্রিয় এই পর্যটনকেন্দ্র।
নতুন নির্দেশনার ফলে পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত সাজেকে পর্যটকদের ভ্রমণ বন্ধ থাকবে।