নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার জন্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত বিসিএস প্রশাসন ক্যাডারের তিন উপসচিব।
জনস্বার্থে তাদের এ ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
গত ২৩ নভেম্বর জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
ক্ষমতাপ্রাপ্ত তিন কর্মকর্তা হলেন উপসচিব মো. তোফায়েল হোসেন (পরিচিতি নম্বর ১৬২৯৪), কাজী আরিফুর রহমান (পরিচিতি নম্বর ১৬৯০৫) এবং মোছা. ফুয়ারা খাতুন (পরিচিতি নম্বর ১৬৯২০)।
তারা সবাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১০(৫) ধারা অনুযায়ী তাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে।
পাশাপাশি মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর ৪ ধারা অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতাও অর্পণ করা হয়েছে।
এর মধ্যে উপসচিব মো. তোফায়েল হোসেন দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮, ২৯০ ও ২৯১ ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করতে পারবেন।
অন্যদিকে উপসচিব কাজী আরিফুর রহমান ও মোছা. ফুয়ারা খাতুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ এবং সড়ক পরিবহন আইন, ২০১৮-এর নির্ধারিত ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করতে পারবেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, এ তিন কর্মকর্তা সচিবালয়ে কর্মরত থাকাকালীন তাদের ওপর অর্পিত ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।
তবে মোবাইল কোর্ট পরিচালনার আগে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটকে অবহিত করতে হবে।
প্রয়োজনে জেলা ম্যাজিস্ট্রেট তার অধিক্ষেত্রে অন্যান্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতাপ্রাপ্ত আইনের আওতায় মোবাইল কোর্ট পরিচালনার বিষয়টি সমন্বয় করতে পারবেন।
এ ছাড়া মোবাইল কোর্ট পরিচালনার বিস্তারিত বিবরণ নির্ধারিত ছকে সংশ্লিষ্ট মাসের শেষ কর্মদিবসে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাতে হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখা থেকে জারি করা এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে। সূত্র: বাসস।