নিজস্ব প্রতিবেদক
রাজশাহী থেকে গোপালগঞ্জ রুটে চলাচলকারী আন্তঃনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের চলাচল সীমিত করেছে বাংলাদেশ রেলওয়ে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে ট্রেনটি আর গোপালগঞ্জ পর্যন্ত চলাচল করবে না।
আপাতত ফরিদপুরের কালুখালী স্টেশনেই ট্রেনটির যাত্রা শেষ হবে।
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল জোনের মহাব্যবস্থাপক (জিএম) আহম্মদ হোসেন মাসুম জানিয়েছেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় টুঙ্গিপাড়া এক্সপ্রেসের চলাচল আপাতত কালুখালী স্টেশন পর্যন্ত সীমিত করা হয়েছে।
ফলে রাজশাহী থেকে ছেড়ে ট্রেনটি আর গোপালগঞ্জ পর্যন্ত যাবে না।
তিনি জানান, পরিস্থিতি স্বাভাবিক হলে আগের মতোই গোপালগঞ্জ পর্যন্ত ট্রেন চলাচল শুরু হবে।
রেলওয়ের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, টুঙ্গিপাড়া এক্সপ্রেসের ৭৮৪ নম্বর ট্রেনটি প্রতিদিন বিকেল ৩টা ৩০ মিনিটে রাজশাহী থেকে যাত্রা শুরু করে।
পথে ঈশ্বরদী, ভেড়ামারা, পোড়াদহ, কুষ্টিয়া কোর্ট, কুমারখালী, খোকসা, পাংশা ও কালুখালীসহ বিভিন্ন স্টেশনে থেমে গোপালগঞ্জের গোবরা স্টেশনে পৌঁছায়।
অন্যদিকে, ফিরতি পথে ৭৮৩ নম্বর ট্রেনটি সকালে গোবরা স্টেশন থেকে ছেড়ে দুপুরে রাজশাহীতে পৌঁছায়।
তবে নতুন সিদ্ধান্তের ফলে আপাতত কালুখালী স্টেশন থেকেই ট্রেনটির যাত্রা শেষ হবে।
এতে রাজশাহী থেকে গোপালগঞ্জগামী যাত্রীদের কালুখালীর পরের গন্তব্যে পৌঁছাতে বিকল্প পরিবহন ব্যবহার করতে হবে।
পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেনটি আবারও আগের নির্ধারিত পথে চলাচল করবে।