আ জা ডেক্স
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে সরকারকে আইনি নোটিস পাঠানো হয়েছে।
নোটিসে রাষ্ট্রীয় গোপনীয়তা রক্ষা, প্রতিবেশী দেশের সঙ্গে সম্ভাব্য সামরিক সংঘাত এড়ানো এবং আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে কূটনৈতিক প্রক্রিয়ায় তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা নিতে বলা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন রেজিস্টার্ড ডাক ও ইমেইলের মাধ্যমে এ নোটিস পাঠান।
নোটিসে মন্ত্রিপরিষদ সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে বিবাদী করা হয়েছে।
গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেন।
ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে এ সাজা দেওয়া হয়।
তবে ভারত থেকে এসব অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি।
এর আগে গত জুলাইয়ে রয়টার্সকে শেখ হাসিনা জানিয়েছিলেন, আদালতে আত্মসমর্পণ করতে চলতি বছরের ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তার।
ওই পরিকল্পনার কথা জানানোর চার মাস পর, গত ৯ নভেম্বর রয়টার্সের আরেকটি প্রতিবেদনে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করার বিষয়টি সামনে আসে।
এ আবেদন নিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া না গেলেও শুরু থেকেই বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার দাবি জানিয়ে আসছে সরকার।
তাকে ফেরত দেওয়ার বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ পর্যন্ত বহুবার সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে।
প্রতিবারই বিষয়টি আইনি প্রক্রিয়ায় সমাধানের কথা জানিয়েছে ভারত।
নিরাপত্তাঝুঁকি ও সামরিক সংঘাত এড়ানোর যুক্তি আইনজীবী মাহমুদুল হাসানের পাঠানো নোটিসে বলা হয়েছে, দীর্ঘ সময় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করায় শেখ হাসিনার কাছে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা, গোয়েন্দা নেটওয়ার্ক, কূটনৈতিক প্রটোকল এবং জাতীয় নিরাপত্তাসংক্রান্ত অনেক সংবেদনশীল তথ্য রয়েছে।
প্রতিবেশী দেশ ভারতে তার দীর্ঘদিন অবস্থানের কারণে এসব তথ্য বিদেশি কর্তৃপক্ষের কাছে প্রকাশ হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে।
এ প্রসঙ্গে ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আবদরাব্বুহ মানসুর হাদির সৌদি আরবে এবং ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের রাশিয়ায় আশ্রয় নেওয়ার উদাহরণ উল্লেখ করা হয়েছে নোটিসে।
এসব ঘটনার পরিপ্রেক্ষিতে আঞ্চলিক যুদ্ধ ও ভূরাজনৈতিক সংঘাতের বিষয়টিও তুলে ধরা হয়েছে।
বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্ভাব্য বৈরিতা কিংবা সশস্ত্র সংঘাতের পরিস্থিতি এড়াতে শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে আনা প্রয়োজন বলে নোটিসে উল্লেখ করা হয়।
প্রত্যর্পণ চুক্তির আনুষ্ঠানিক জটিলতা পাশ কাটিয়ে তাকে দেশে ফিরিয়ে আনতে সাতটি আইনি ও প্রশাসনিক পদক্ষেপের প্রস্তাব দিয়েছেন আইনজীবী।
প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক পত্র বা ‘নোট ভার্বাল’ পাঠানো।
এ ছাড়া ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশন অনুসারে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণে শেখ হাসিনার প্রবেশ ও আত্মসমর্পণের ব্যবস্থা করার কথা বলা হয়েছে।
এরপর বাংলাদেশ পুলিশের একটি বিশেষ দল পাঠিয়ে হাইকমিশন থেকে তাকে গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।
নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন থেকে ‘ট্রাভেল পাস’ ইস্যু করে বাণিজ্যিক ফ্লাইট অথবা বিশেষ চার্টার্ড বিমানে পুলিশের পাহারায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার কথাও বলা হয়েছে নোটিসে।
টুঙ্গিপাড়ার বাড়িকে বিশেষ সাব-জেল করার প্রস্তাব শেখ হাসিনা দেশে ফেরার আগেই কারা আইন ও জেল কোড অনুসরণ করে প্রজ্ঞাপন জারির মাধ্যমে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার পৈতৃক বাড়িকে বিশেষ ‘সাব-জেল’ ঘোষণা করার প্রস্তাব দিয়েছেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী।
তার প্রস্তাব অনুযায়ী, বিমানবন্দর থেকে পুলিশের হেলিকপ্টারে করে সাবেক প্রধানমন্ত্রীকে ওই সাব-জেলে নেওয়া হবে।
নোটিসে আরও বলা হয়েছে, আইনি হেফাজতে দেশে ফেরার পর আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ২১ ধারা অনুযায়ী বিলম্ব মার্জনার আবেদন করে আপিল বিভাগে আপিল করার সুযোগ রয়েছে শেখ হাসিনার।
এ ছাড়া অন্যান্য আদালতে তার বিরুদ্ধে বিচারাধীন মামলাগুলোতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল হাজিরা এবং সাক্ষ্যগ্রহণের সুযোগ দেওয়ার প্রস্তাবও রাখা হয়েছে।
আইনজীবী মাহমুদুল হাসান বলেন, “নোটিসে ১৫ দিনের মধ্যে কূটনৈতিক, প্রশাসনিক ও আইনি পদক্ষেপ নিয়ে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।
তা না হলে প্রতিকার চেয়ে রিট আবেদন করা হবে।”