এস এম মিজান
মানবাধিকার সংগঠনের নামে ডিবি পুলিশের পোশাক, চালাত নিজস্ব অভিযান! এরা কারা?
মানবাধিকার সংস্থার পরিচয় ব্যবহার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতো পোশাক বা ভেস্ট পরে বিভিন্ন স্থানে অভিযান, জিজ্ঞাসাবাদ, সালিশ ও জরিমানা করার অভিযোগ ওঠা একটি সংগঠন কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেন্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ও ছবিতে দেখা যায়, আফরোজা আক্তার শোভার নেতৃত্বে ‘মানবাধিকার প্রতিষ্ঠান বাস্তবায়ন সংস্থা’ নামের দলটির সদস্যরা আইনশৃঙ্খলা বাহিনীর আদলে ভেস্ট পরে বিভিন্ন স্থানে কার্যক্রম পরিচালনা করছেন।
কোথাও মানুষের সমস্যা সমাধান, টাকা উদ্ধার, সালিশ এবং বিভিন্ন বিষয়ে হস্তক্ষেপের দৃশ্যও প্রচার করা হয়েছে।
এসব কর্মকাণ্ড নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা তৈরি হয়। অভিযোগের প্রেক্ষিতে, জাতীয় মানবাধিকার কমিশন সংগঠনটির প্রতিনিধিদের ডেকে পাঠায়।
এরপর সংগঠনটি নিজেদের ফেসবুক পোস্টে জানায়, ভেস্ট ব্যবহার, অভিযান পরিচালনা, সালিশ এবং অভিযোগ ও তদন্তসংক্রান্ত শব্দ ব্যবহারের বিষয়ে তাদের কার্যক্রমের কোনো বৈধতা পাওয়া যায়নি।
এ কারণে তারা আপাতত সংগঠনটির কার্যক্রম থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দিয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে আরও বলা হয়েছে, ভবিষ্যতে এ ধরনের কোনো সংশ্লিষ্টতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পাশাপাশি মানবাধিকার সংগঠনের নামে প্রতারণা থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
মানবাধিকার রক্ষার নামে কোনো ব্যক্তি বা সংগঠন নিজ উদ্যোগে আইনশৃঙ্খলা বাহিনীর মতো অভিযান, জিজ্ঞাসাবাদ কিংবা শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে কি না, সেই প্রশ্নও নতুন করে সামনে এসেছে।
মানবাধিকার কার্যক্রমের নামে এমন ক্ষমতা প্রদর্শন জনমনে বিভ্রান্তি ও উদ্বেগ তৈরি করছে।