আ জা আন্তর্জাতিক ডেক্স
সাম্প্রতিক সময়ে কুয়েতে নতুন করে মিসাইল ও ড্রোন হামলার ঘটনায় দেশটিতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের বিশেষ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।
বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) এক জরুরি বিজ্ঞপ্তিতে কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ সতর্কবার্তা দেয়। নিরাপত্তার স্বার্থে বাংলাদেশিদের সামরিক স্থাপনার আশপাশে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
একই সঙ্গে স্থানীয় আইন মেনে চলা এবং কুয়েত সরকারের দেওয়া নির্দেশনা অনুসরণ করার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।
দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কুয়েতি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে কুয়েত সরকারের নির্দেশনা মেনে চলার জন্য সবাইকে অনুরোধ করা হলো।
মিসাইল বা ড্রোন হামলা সংক্রান্ত কোনও ছবি বা ভিডিও ধারণ করা থেকে বিরত থাকার জন্য সবাইকে আবারও আহ্বান জানানো হলো।
এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সবাইকে যত্নশীল থাকার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমান আঞ্চলিক পরিস্থিতির কোনও ভিডিও বা ছবি আপলোড করা থেকে বিরত থাকার জন্য সবাইকে আহ্বান জানানো যাচ্ছে।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইন নম্বরসমূহ +965 69920013, +965 66516404, +965 50895161।
ইমেইল:mission.kuwait@mofa.gov.bd এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।’
দূতাবাসের পক্ষ থেকে প্রবাসী বাংলাদেশিদের চলমান পরিস্থিতিতে সতর্ক থাকার পাশাপাশি নিরাপত্তাসংক্রান্ত নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার পরামর্শ দেয়া হয়েছে।