আ জা আন্তর্জাতিক ডেক্স
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নৌবাহিনী মোতায়েনের প্রস্তুতি জোরদার করেছে দক্ষিণ কোরিয়া।
শুক্রবার (০৪ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়ার সম্প্রচারমাধ্যম এসবিএসের বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এসবিএসকে জানিয়েছেন, হরমুজ প্রণালিতে নৌবাহিনী পাঠানোর লক্ষ্যে নির্দিষ্ট প্রস্তুতি নেওয়া হচ্ছে।
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, সম্ভাব্য এই অভিযানে পি-৮ সামুদ্রিক টহল বিমান, বিস্ফোরক নিষ্ক্রিয়করণে সক্ষম একটি দল এবং রসদ সহায়তার জন্য একটি জাহাজ রাখা হবে।
এর আগে দক্ষিণ কোরিয়া সরকার জানিয়েছিল, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধ শেষ হওয়ার পরই হরমুজ প্রণালিতে সেনা পাঠানোর বিষয়টি বিবেচনা করা হবে।
তবে সম্প্রতি দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়ার পরিধি কমিয়ে আনা এবং ইরানের বিরুদ্ধে অভিযানে অংশ নিতে সিউলের অস্বীকৃতির কারণে দেশটির সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
প্রতিবেদনে উচ্চপদস্থ এক সামরিক কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, সম্ভাব্য অভিযানের ঘাঁটি ও মূল কার্যক্রম পরিচালনার স্থান নির্ধারণে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে।
তবে নৌবাহিনী মোতায়েনের আগে দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত, মন্ত্রিসভার অনুমোদন এবং জাতীয় সংসদের সম্মতি প্রয়োজন হবে।
ফলে প্রস্তুতি এগোলেও চূড়ান্তভাবে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিতে দেশটির অভ্যন্তরীণ অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।