আ জা আন্তর্জাতিক ডেক্স
শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় দুশ্চিন্তায় পড়েছে ফ্রান্স। প্যারাগুয়ের বিপক্ষে নকআউট লড়াইয়ের কয়েক ঘণ্টা আগে ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ মিডফিল্ডার অরেলিয়াঁ চুয়ামেনি।
শনিবার (০৪ জুলাই) ফরাসি সংবাদমাধ্যম লেকিপ এ তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদন অনুযায়ী, শেষ মুহূর্তের অনুশীলনের সময় উরুতে চোট পান এই মিডফিল্ডার।
ফলে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে তাকে ছাড়াই পরিকল্পনা সাজাতে হচ্ছে ফরাসি কোচিং স্টাফকে। চুয়ামেনির অনুপস্থিতিতে একাদশে জায়গা পেতে পারেন মানু কোনে।
এর আগে গ্রুপ পর্বে ইরাকের বিপক্ষে বিশ্রামে থাকায় চুয়ামেনির পরিবর্তে মাঠে নেমেছিলেন তিনি।
চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ফ্রান্সের চার ম্যাচের মধ্যে তিনটিতেই পুরো সময় মাঠে ছিলেন চুয়ামেনি।
মাঝমাঠে তার উপস্থিতি দলের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। গ্রুপ ‘আই’-এর সব ম্যাচ জিতে নকআউট পর্বে জায়গা করে নেয় ফ্রান্স।
পরে শেষ ৩২-এর ম্যাচে সুইডেনকে ৩-০ গোলে হারিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে দলটি।
এবার কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে প্যারাগুয়ের মুখোমুখি হবে ফরাসিরা।
ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিতব্য ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৩টায়।