ঢাকা, বাংলাদেশ সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে থাকার দাবি....ইরানের ● ঢাবির গৌরবোজ্জ্বল ইতিহাস,ঐতিহ্য পুনরুদ্ধারে শিক্ষার্থীদের ভূমিকা রাখার আহ্বান.....সংস্কৃতিমন্ত্রীর ● যশোর সীমান্তে নিরাপত্তা জোরদার, বিজিবির ৩০টি অতিরিক্ত চেকপোস্ট স্থাপন ● গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম ● সিদ্ধিরগঞ্জে গাড়ি চালককে হত্যার আধা ঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন,‘আমি মেরেছি ● সোনারগাঁও প্লাস্টিকের বস্তায় চাল বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা ● ছিন্নভিন্ন সৌদি রাষ্ট্র,ধ্বংসের দ্বারপ্রান্তে....ডোনাল ট্রাম্প ● ছিন্নভিন্ন সৌদি রাষ্ট্র,ধ্বংসের দ্বারপ্রান্তে....ডোনাল ট্রাম্প ● কক্সবাজার নাফ নদীতে ভাসমান ৪ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার,বাজারমূল্য ২০ কোটি টাকা ● রাষ্ট্রদ্রোহ মামলায় ৪ দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাংগীর আলম
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
বাংলাদেশসহ বিশ্বের ১৭০ টি দেশ এ অনুসরণ করেছে

বর্জ্য নিয়ন্ত্রন বিষয়ক জাতিসংঘের 'বাসেল কনভেনশন' থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত বাংলাদেশের

আ জা ডেক্স

প্রকাশ : রবিবার, ১৫ নভেম্বর,২০২৬, ০৫:০৬ পিএম
বর্জ্য নিয়ন্ত্রন বিষয়ক জাতিসংঘের 'বাসেল কনভেনশন' থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত বাংলাদেশের

এক দেশ থেকে অন্য দেশে বর্জ্য পরিবহনে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিসংঘের উদ্যোগে প্রতিষ্ঠিত 'বাসেল কনভেনশন' থেকে বেরিয়ে আসার সীদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

একই সঙ্গে জাহাজ ভাঙার ক্ষেত্রে হংকং কনভেনশন অনুসরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জাহাজ ভাঙা শিল্পের মালিকদের অনুরোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়।

গত আগস্টে মন্ত্রিপরিষদ থেকে জাহাজভাঙা শিল্পের আইন, বিধি, নীতিমালা ও এ-সংক্রান্ত অন্যান্য বিষয় পর্যালোচনার জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়।

পরে গত ২৯ সেপ্টেম্বর জাহাজভাঙার ক্ষেত্রে বাসেল কনভেনশন থেকে বেরিয়ে এসে হংকং কনভেনশন অনুসরণের সিদ্ধান্ত নেয় কমিটি।

উল্লেখ্য, বাসেল কনভেনশনের মূল লক্ষ্য বিভিন্ন দেশের মধ্যে বর্জ্য পরিবহনের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা।

অন্যদিকে হংকং কনভেনশন মূলত জাহাজভাঙার ইয়ার্ডে নিরাপদে জাহাজ ভাঙার বিষয়গুলো নিয়ে কাজ করে।

যে ঘটনায় তৈরি হয়েছিল 'বাসেল কনভেনশন':

১৯৮৬ সালে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার বন্দরে ছাই (ফ্লাই অ্যাশ) বোঝাই করে সমুদ্রযাত্রা শুরু করে ‘পেলিকন’ নামের একটি জাহাজ।

এরপর টানা দুই বছর সমুদ্রে ভেসে বেড়ালেও কোনো দেশই জাহাজটিকে নোঙর করার অনুমতি দেয়নি।

কারণ, জাহাজটিতে ছিল পরিবেশ ও মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ১৪ হাজার টন দূষিত ছাই।

১৯৮৮ সালের অক্টোবরের এক সকালে জাহাজটির ক্যাপ্টেন ঘোষণা দেন, তাঁরা একটি দেশের উপকূলে এসব ছাই ফেলে দিয়েছেন।

তবে দেশটির নাম তখন প্রকাশ করেননি তিনি। পরে জানা যায়, দেশটি ছিল হাইতি।

এ ঘটনার পর বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। ঘটনাটির বিস্তারিত উঠে আসে বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিনের ১৯৮৯ সালের ২ জানুয়ারির সংখ্যায় প্রকাশিত ‘প্লানেট অব দ্য ইয়ার: ওয়েস্ট আ সিঙ্কিং মেস’ শীর্ষক প্রতিবেদনে।

বিশ্বব্যাপী প্রতিবাদের পরিপ্রেক্ষিতে ১৯৮৯ সালের ২২ মার্চ এক দেশ থেকে অন্য দেশে বর্জ্য পরিবহনে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিসংঘের উদ্যোগে তৈরি হয় ‘বাসেল কনভেনশন’।

এর পূর্ণ নাম ‘বাসেল কনভেনশন অন দ্য কন্ট্রোল অব ট্রান্সবাউন্ডারি মুভমেন্ট অব হেজার্ডাস ওয়েস্ট অ্যান্ড ডিসপোজাল’।

বাংলাদেশসহ বিশ্বের ১৭০টি দেশ এ কনভেনশনে অনুস্বাক্ষর করেছে।

জাহাজভাঙা শিল্পের শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বাংলাদেশ শিপব্রেকার্স অ্যান্ড শিপ রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মহসিন বলেন, হংকং কনভেনশন অনুসরণ করে জাহাজভাঙা শিল্পকে নিরাপদ করার চেষ্টা চলছে।

এ জন্য প্রতিটি ইয়ার্ডে ১৫০ থেকে ২০০ কোটি টাকা বিনিয়োগ করতে হচ্ছে। মোহাম্মদ মহসিন বলেন, ‘হংকং কনভেনশন ও বাসেল কনভেনশন হলো এক রোগের দুই চিকিৎসক।

আমরা চাই যেকোনো একজন চিকিৎসক এ রোগের চিকিৎসা করুক। সে ক্ষেত্রে আমরা হংকং কনভেনশন ফলো করতে সরকারকে অনুরোধ করেছি।

কারণ, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), আন্তর্জাতিক সমুদ্র সংস্থা (আইএমও) ও শিপিং লাইন ব্যবস্থাপনা যারা করে, সবাই হংকং কনভেনশনে যুক্ত আছে।’

তবে পরিবেশবিশেষজ্ঞদের মতে, হংকং কনভেনশনে জাহাজকে বর্জ্য হিসেবে বিবেচনা করা হয় না।

এ কারণেই জাহাজভাঙা শিল্পের মালিকেরা হংকং কনভেনশনকে বেশি পছন্দ করেন।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, জাহাজভাঙা শিল্পের আড়ালে উন্নত বিশ্বের বর্জ্য পাচার করার একটি কৌশল রয়েছে।

বাসেল কনভেনশনের মাধ্যমে এ বিষয়টি প্রমাণ করার সুযোগ আছে। এ কারণেই জাহাজভাঙা শিল্পের মালিকেরা বাসেল কনভেনশনের আওতায় থাকতে চান না।

বাসেল কনভেনশনে সব মেয়াদোত্তীর্ণ জাহাজ আমদানি কিংবা জাহাজভাঙা নিষিদ্ধ করা হয়নি।

বরং যেসব জাহাজ বর্জ্যের সংজ্ঞার মধ্যে পড়ে এবং বিপজ্জনক বর্জ্য বহন করে, সেগুলোর আন্তসীমান্ত চলাচলের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।

বাসেল কনভেনশনে কী আছে:

বাসেল কনভেনশনের অনুচ্ছেদ-২ অনুযায়ী, মেয়াদোত্তীর্ণ জাহাজকে বিপজ্জনক বর্জ্য হিসেবে বিবেচনা করা হয়।

উদাহরণ হিসেবে বলা যায়, কোনো একটি জাহাজ সমুদ্রে চলাচলের উপযোগী হলেও মালিক যদি সেটিকে আর বাণিজ্যিক পরিবহনে ব্যবহার না করে ভাঙার জন্য বাংলাদেশের কোনো ইয়ার্ডে বিক্রি করার সিদ্ধান্ত নেন, তাহলে ওই জাহাজ বাসেল কনভেনশনের আওতায় বর্জ্য হিসেবে বিবেচিত হবে।

তবে এ কনভেনশনে সব মেয়াদোত্তীর্ণ জাহাজ আমদানি কিংবা জাহাজভাঙা নিষিদ্ধ করা হয়নি।

যেসব জাহাজ বর্জ্যের সংজ্ঞার মধ্যে পড়ে এবং বিপজ্জনক বর্জ্য বহন করে, কেবল সেগুলোর আন্তসীমান্ত চলাচলের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।

বাসেল কনভেনশনের অনুচ্ছেদ-৬ অনুযায়ী, বিপজ্জনক বর্জ্য রপ্তানির আগে রপ্তানিকারক দেশকে আমদানিকারক দেশকে ওই বর্জ্য সম্পর্কে অবহিত করতে হবে।

এরপর আমদানিকারক দেশের কাছ থেকে লিখিত সম্মতি নিতে হবে। পাশাপাশি বর্জ্য পরিবেশসম্মতভাবে অপসারণের বিষয়ে রপ্তানিকারক ও আমদানিকারক দেশের মধ্যে চুক্তি থাকতে হবে।

অন্যদিকে কনভেনশনের অনুচ্ছেদ-৮-এ বলা হয়েছে, চুক্তি অনুযায়ী বর্জ্য অপসারণ করা সম্ভব না হলে রপ্তানিকারক দেশকে সেই বর্জ্য ফিরিয়ে নিতে হবে।

জাহাজ কেন ভাঙা হয়, বাংলাদেশ কেন জাহাজভাঙা শিল্পের বড় কেন্দ্র পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘জাহাজভাঙা-সংক্রান্ত যত যা আছে, তার সব দেখে আইএমও।

হংকং কনভেনশন হচ্ছে আইএমওর অধীনে। আমাদের গ্রিন ইয়ার্ডগুলোও হংকং কনভেনশনের আলোকে নির্মাণ করা।’

বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কোনো সমস্যা হবে না জানিয়ে মন্ত্রী বলেন, প্রতিটি গ্রিন ইয়ার্ডে বর্জ্য সংরক্ষণের জন্য বিশেষায়িত স্থান রয়েছে।

কিছু বর্জ্য পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স নেওয়া ভেন্ডারদের কাছে বিক্রি করা হয়।

এ ছাড়া মিরসরাইয়ে জাহাজভাঙার বর্জ্য ব্যবস্থাপনার জন্য একটি টিএসডিএফ (ট্রিটমেন্ট, স্টোরেজ অ্যান্ড ডিসপোজাল ফ্যাসিলিটি) নির্মাণ করা হচ্ছে।

আন্তর্জাতিক বিশেষজ্ঞরা কী বলছেন:

জাহাজভাঙা শিল্পে শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে দীর্ঘদিন ধরে কাজ করছে ব্রাসেলসভিত্তিক আন্তর্জাতিক সংগঠন ‘এনজিও শিপব্রেকিং প্ল্যাটফর্ম’।

সংগঠনটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ইনভিল্ড জেনসেন লিখিত প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশের বাসেল কনভেনশন মেনে চলা প্রয়োজন।

তিনি বলেন, বিষাক্ত বর্জ্য ফেলা বন্ধ করা এবং বিপজ্জনক পদার্থের কারণে পরিবেশ ও মানবস্বাস্থ্যের ক্ষতি থেকে সুরক্ষা নিশ্চিত করতে বৈশ্বিক এ কনভেনশন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ যদি পরিত্যক্ত জাহাজকে বাসেল কনভেনশনের আওতার বাইরে নিয়ে আসে, তাহলে সামুদ্রিক বাস্তুতন্ত্র ও উপকূলীয় পরিবেশ আরও বেশি ক্ষতির মুখে পড়বে।

একই সঙ্গে উপকূলীয় এলাকার বাসিন্দারাও ঝুঁকির মধ্যে পড়বেন। জেনসেনের পরামর্শ, বাসেল ও হংকং—দুটি কনভেনশনই পাশাপাশি কার্যকর রাখা সম্ভব।

বরং উভয় কনভেনশন একসঙ্গে কার্যকর থাকলে পরিবেশ ও শ্রমিকদের সুরক্ষা আরও শক্তিশালী হবে।

কারণ, হংকং কনভেনশনে নিরাপদ ও পরিবেশসম্মত উপায়ে জাহাজভাঙার বিষয়ে যেসব বিধান রয়েছে, সেগুলো তুলনামূলক দুর্বল।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)