নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে বিএসটিআইয়ের মানসনদ ও পণ্য মোড়কজাত সনদ ছাড়াই মশার কয়েল উৎপাদন ও বাজারজাত করার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের আঞ্চলিক কার্যালয়ের যৌথ উদ্যোগে সিদ্ধিরগঞ্জের ২ নম্বর ওয়ার্ডের মিজমিজি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিএসটিআই আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে অবৈধভাবে মশার কয়েল তৈরি ও বিক্রির অভিযোগে দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
এর মধ্যে সালেহা ট্রেডিং বিএসটিআইয়ের মানসনদ ও পণ্য মোড়কজাত সনদ ছাড়াই মশার কয়েল উৎপাদন, মোড়কজাত ও বাজারজাত করে আসছিল।
এ অপরাধে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ৫০ হাজার টাকা এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, আর জে প্রোডাক্টস ও ইশিকা এন্টারপ্রাইজকে পণ্য মোড়কজাত সনদ ছাড়া মশার কয়েল উৎপাদন ও বাজারজাত করার দায়ে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করা হয়।
প্রতিষ্ঠান দুটির মধ্যে আর জে প্রোডাক্টস উৎপাদন ও মোড়কজাতকারী এবং ইশিকা এন্টারপ্রাইজ বাজারজাতকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছিল।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমীনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
এ সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের ফিল্ড অফিসার মো. ইয়াছির আরাফাত এবং পরিদর্শক মো. শাহজাহান ও মো. আরিফ হোসেন আসিফ।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমীন আমাদের জাগরণ কে জানান, সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং পণ্যের ওজন ও মানে কারচুপি রোধে বিএসটিআই ও জেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।