নিজস্ব প্রতিবেদক লক্ষ্মীপুর
‘আমি পানিওয়ালা যাব না, তোরা একটাও পৌরসভায় আসবি না’—এমন ভাষায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি তাওহীদ হোসেন মারুফ ভূঁইয়াকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে রামগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পলাশের বিরুদ্ধে।
একটি বিদ্যালয়ের অনুষ্ঠানে প্রধান অতিথি হতে না পারাকে কেন্দ্র করে মুঠোফোনে ওই হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেছেন মারুফ ভূঁইয়া।
সম্প্রতি তাঁদের কথোপকথনের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়।
ছড়িয়ে পড়া অডিওতে মারুফ ভূঁইয়াকে ঘটনার ব্যাখ্যা দিতে এবং নিজের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করতে শোনা যায়।
তিনি একাধিকবার দাবি করেন, তিনি কোনো কথা বলেননি। একপর্যায়ে দুজনের কথোপকথন উত্তপ্ত বাক্যবিনিময়ে রূপ নেয়।
অডিওর একটি অংশে গিয়াস উদ্দিন পলাশকে ক্ষোভ প্রকাশ করে বলতে শোনা যায়, একটি বিদ্যালয়ের অনুষ্ঠানে মনোয়ারকে প্রধান অতিথি এবং তাঁকে বিশেষ অতিথি করে ব্যানার করা হয়েছে।
তিনি অভিযোগ করেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হওয়া সত্ত্বেও তাঁকে অনুষ্ঠানে প্রধান অতিথি করা হয়নি এবং তাঁর নাম ব্যানারে যথাযথভাবে দেওয়া হয়নি।
অডিওতে পলাশকে আরও বলতে শোনা যায়, সাংগঠনিক রাজনীতি না বুঝলে ইউনিয়ন বিএনপি পরিচালনা করা সম্ভব নয়।
একপর্যায়ে তিনি বলেন, “নির্বাচিত সেক্রেটারি, ৫০ লাখ টাকা খরচ করে হালাইছি।”
এরপর তিনি মারুফ ভূঁয়াকে পানিওয়ালা এলাকায় আসতে বলেন এবং পৌরসভায় না আসার জন্যও হুমকি দেন বলে অডিওতে শোনা যায়।
তবে ছড়িয়ে পড়া অডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ফোনকলে হুমকির বিষয়ে জানতে চাইলে নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি তাওহীদ হোসেন মারুফ ভূঁইয়া বলেন, ঘটনাটি আগের।
বিষয়টি দলের জ্যেষ্ঠ নেতাদের জানানোর পর তাঁরা বসে বিষয়টির সমাধান করেছেন।
গিয়াস উদ্দিন পলাশ তাঁর কাছে দুঃখপ্রকাশ করেছেন বলেও জানান তিনি। এ বিষয়ে বক্তব্য জানতে মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত রামগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পলাশের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
পরে খুদে বার্তা (এসএমএস) পাঠানো হলেও তাঁর কোনো সাড়া পাওয়া যায়নি।
নাম প্রকাশ না করার শর্তে পলাশের ঘনিষ্ঠ এক দলীয় নেতা বলেন, ঘটনার সময় পলাশের মেজাজ কিছুটা উত্তপ্ত ছিল।
পরে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে বিষয়টি মীমাংসা করা হয়েছে। উল্লেখ্য, ২০২৫ সালের ২০ সেপ্টেম্বর রামগঞ্জ পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রত্যক্ষ ভোটে শেখ কামরুল ইসলাম সভাপতি এবং গিয়াস উদ্দিন পলাশ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।