আ জা ডেক্স
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজয়ী মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে নির্বাচিত এলিজা জামান।
মঙ্গলবার (০৩ নভেম্বর) সংসদ সদস্য হিসেবে শপথ নিতে যাচ্ছেন। জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তাঁদের শপথ অনুষ্ঠান আয়োজনের কথা রয়েছে।
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম) নবনির্বাচিত দুই সংসদ সদস্যকে শপথবাক্য পাঠ করাবেন।
শপথের বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
তিনি জানিয়েছেন, মঙ্গলবার দুই নবনির্বাচিত সংসদ সদস্যের শপথ অনুষ্ঠিত হবে। এর আগে শনিবার মির্জা ফয়সল আমীনকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।
গত ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন মির্জা ফয়সল আমীন।
তিনি ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পান ৯৬ হাজার ৫১৩ ভোট।
এর আগে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে জয়ী হয়েছিলেন তৎকালীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পরে তিনি বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলে নির্বাচন কমিশন আসনটিকে শূন্য ঘোষণা করে। সেই শূন্য আসনেই উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
অন্যদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩-এর শূন্য পদে বিএনপি মনোনীত প্রার্থী এলিজা জামানকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত ঘোষণা করে সোমবার গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
গত ১ অক্টোবর বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় আসনটি শূন্য হয়।
এরপর ১২ অক্টোবর নির্বাচন কমিশন এই আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ১২ নভেম্বর ভোট হওয়ার কথা ছিল।
তবে প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী না থাকায় শেষ পর্যন্ত ভোট গ্রহণের প্রয়োজন পড়েনি।