নিজস্ব প্রতিবেদক
দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ আরও বেড়েছে। গত সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা। মাত্র তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা।
সোমবার (২৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জুন মাসের তুলনায় সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়েছে।
এ সময়ে সরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণ কিছুটা কমলেও বেসরকারি ব্যাংকগুলোতে তা বেড়েছে ব্যাপকভাবে।
বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, সেপ্টেম্বর শেষে সরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৪৯ হাজার ৭১২ কোটি টাকা।
গত তিন মাসে এসব ব্যাংকে খেলাপি ঋণ কমেছে ২ হাজার ৭৫২ কোটি টাকা।
অন্যদিকে, একই সময়ে বেসরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে ২১ হাজার ৭৬৯ কোটি টাকা।
সরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণ কমলেও বেসরকারি ব্যাংকে বড় অঙ্কের ঋণ বৃদ্ধির কারণে সামগ্রিকভাবে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ঊর্ধ্বমুখী রয়েছে।
সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ৬ লাখ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ায় ঋণ আদায় ও ব্যাংক খাতের সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
বিশেষ করে বেসরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণের দ্রুত বৃদ্ধি আর্থিক খাতের স্থিতিশীলতা রক্ষায় বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে।