নিজস্ব প্রতিবেদক
বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, ভূরাজনৈতিক উত্তেজনা, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা—এই চার কারণে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি খাত।
এর সঙ্গে যুক্ত হয়েছে ইউরোপ ও উত্তর আমেরিকার ওপর অতিমাত্রায় নির্ভরশীলতা।
এই দুই অঞ্চলে রপ্তানি কমে গেলে দেশের সামগ্রিক পোশাক রপ্তানি আয়েও নেতিবাচক প্রভাব পড়ছে।
রোববার (২৩ নভেম্বর) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের তৈরি পোশাকশিল্পবিষয়ক এক প্রতিবেদনে এসব চ্যালেঞ্জের কথা তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নানা প্রতিকূলতা সত্ত্বেও স্বল্পমেয়াদে দেশের পোশাক রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধির ধারা বজায় থাকার সম্ভাবনা রয়েছে।
তবে দীর্ঘমেয়াদে এ খাতের প্রতিযোগিতামূলক সক্ষমতা ধরে রাখতে বেশ কিছু কাঠামোগত পরিবর্তন জরুরি।
বাংলাদেশের পোশাক রপ্তানির বড় অংশই ইউরোপ ও উত্তর আমেরিকার বাজারনির্ভর।
ফলে এ দুটি অঞ্চলে চাহিদা কমে গেলে দেশের রপ্তানি আয়ে সরাসরি প্রভাব পড়ে।
সম্প্রতি এসব বাজারে রপ্তানি চালান কমে যাওয়ায় ঝুঁকির বিষয়টি আরও স্পষ্ট হয়েছে।
এ পরিস্থিতি মোকাবিলায় রপ্তানি বাজার সম্প্রসারণের ওপর গুরুত্ব দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
প্রতিবেদনে নতুন নতুন দেশে পোশাক রপ্তানির সুযোগ তৈরির পাশাপাশি পণ্যে মূল্য সংযোজন বাড়ানো এবং উৎপাদনশীলতা বৃদ্ধির সুপারিশ করা হয়েছে।
একই সঙ্গে উৎপাদন ব্যয় কমিয়ে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, পোশাক রপ্তানির প্রবৃদ্ধি ধরে রাখা এবং শিল্পের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করতে এসব পদক্ষেপ এখন সময়ের দাবি।
এদিকে চলতি অর্থবছরে পোশাক রপ্তানি আয় বাড়লেও কাঁচামাল আমদানি বাদ দিয়ে প্রকৃত আয়ের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাচ্ছে না।
গত কয়েক বছর ধরে নিট রপ্তানি আয়ের অনুপাত প্রায় একই অবস্থানে রয়েছে।
প্রতি এক হাজার ডলারের পোশাক রপ্তানি আয়ের বিপরীতে প্রায় ৪০০ ডলার ব্যয় হচ্ছে কাঁচামাল আমদানিতে। ফলে নিট আয় থাকছে প্রায় ৬০০ ডলার।
তবে দেশের অভ্যন্তরে কাঁচামাল উৎপাদন বাড়ায় সাম্প্রতিক সময়ে এ খাতে আমদানির পরিমাণ কমেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে দেশের তৈরি পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ১ হাজার ৫৫ কোটি মার্কিন ডলার।
এ সময়ে একক দেশ হিসেবে সবচেয়ে বেশি পোশাক রপ্তানি হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে রপ্তানি আয় এসেছে ২২১ কোটি ডলার। কানাডায় হয়েছে ৩৫ কোটি ডলারের রপ্তানি।
ইউরোপের দেশগুলোর মধ্যে যুক্তরাজ্যে ১২৯ কোটি ডলার, জার্মানিতে ১১২ কোটি ডলার, স্পেনে ১১৪ কোটি ডলার, ফ্রান্সে ৪৫ কোটি ডলার, ইতালিতে ৩২ কোটি ডলার এবং নেদারল্যান্ডসে ৬০ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছে।
অন্যদিকে সাম্প্রতিক সময়ে পোশাকশিল্পে মজুরি বৃদ্ধিকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিরতার বিষয়টি বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে উঠে আসেনি।
এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, প্রতিবেদনটি তৈরি ও অনুমোদনের জন্য জমা দেওয়ার সময় মজুরি বৃদ্ধিকে কেন্দ্র করে শিল্পাঞ্চলে অস্থিরতা শুরু হয়নি।
এ কারণে বিষয়টি প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি। সব মিলিয়ে বাংলাদেশের পোশাকশিল্পের সামনে এখন উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ, নতুন বাজার সৃষ্টি, পণ্যের মান ও মূল্য সংযোজন বৃদ্ধি এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকার চ্যালেঞ্জ রয়েছে।
এসব ক্ষেত্রে কার্যকর উদ্যোগ নেওয়া না হলে ভবিষ্যতে দেশের প্রধান রপ্তানি খাতের প্রবৃদ্ধি ধরে রাখা কঠিন হয়ে পড়তে পারে।