নিজস্ব প্রতিবেদক
সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর এটিকে ‘গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার জয়’ হিসেবে উল্লেখ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
একই সঙ্গে তিনি মন্তব্য করেছেন, ‘ফ্যাসিবাদের রেখে যাওয়া শেষ ছায়াও’ জাতির ঘাড় থেকে নেমে গেছে।
শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর মিন্টো রোডে সরকারি বাসভবনে রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, ‘জুলাইয়ের গণ-অভ্যুত্থানের স্পষ্ট দাবি ছিল সাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি পদে থাকবেন না। ২৪-এর গণহত্যার নীরব সহযোগী ছিলেন সদ্য সাবেক এই রাষ্ট্রপতি।
তিনি আগে স্পষ্ট করে বলেছিলেন যে শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন, অথচ পরবর্তী সময়ে তা অস্বীকার করে মিথ্যাচার করেছেন–যা তার দেওয়া সাংবিধানিক শপথ ভঙ্গের শামিল।’
রাষ্ট্রপতির পদত্যাগ বিলম্বে হলেও সেটিকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে জামায়াত আমির বলেন, এই পদত্যাগের মধ্য দিয়ে গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে।
তিনি আশা প্রকাশ করেন, সংবিধান অনুযায়ী দায়িত্ব নেওয়া ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন।
পাশাপাশি জামায়াতে ইসলামী তার প্রতি সর্বাত্মক সহযোগিতা করবে বলেও জানান তিনি।
পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের প্রসঙ্গ তুলে ডা. শফিকুর রহমান বলেন, ‘জামায়াতে ইসলামী পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কোনো তোষামোদকারী বা চাটুকার ব্যক্তিকে দেখতে চায় না।
নিরপেক্ষ ও সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিত্বকেই এই পদে বসানো উচিত।’