নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সানারপার পার্কিং করে রাখা একটি স্টাফ বাসে গভীর রাতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
মোটরসাইকেলে এসে দুজন দুর্বৃত্ত বাসে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়।
বুধবার ১৮ নভেম্বর দিবাগত রাত আনুমানিক সাড়ে তিনটায় সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. জুলহাস উদ্দিন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সানারপাড় হাইওয়ে রোডে মো. লতিফের বাসের গ্যারেজ ও ইউটার্ন সংলগ্ন রাস্তার ওপর ‘থ্রি স্টার’ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৮৩২২) পার্ক করা ছিল।
অজ্ঞাতনামা দুজন আরোহী একটি মোটরসাইকেলে করে এসে ফাঁকা বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
আগুনে বাসটির বেশ কিছু অংশ পুড়ে যায়। তবে বাসের ভেতরে কেউ না থাকায় এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. জুলহাস উদ্দিন জানান, রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে দুর্বৃত্তরা রাস্তার পাশে পার্ক করা ওই বাসে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়।
বাসটি মূলত বিভিন্ন অফিসের স্টাফদের যাতায়াতের কাজে ব্যবহৃত হতো।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, এ ঘটনায় জড়িত দুর্বৃত্তদের শনাক্ত করতে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্তকাজ চালিয়ে যাচ্ছে।