এস এম মিজান
রাজধানীর কাফরুল থানার মিরপুর-১৩ এলাকায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে এক যুবদল কর্মী নিহত হয়েছেন।
এ ঘটনায় আরও দুইজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (২৫ জুলাই) ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় অস্ত্রধারী এক সন্দেহভাজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ওপেক্স গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে। নিহত ইউসুফ আলী (৪৫) কাফরুল থানা যুবদলের কর্মী।
জানা গেছে, হামলায় ইউসুফ আলীর পাশাপাশি নালাম সরদার (৪৫) ও মনির হোসেন (৩২) গুলিবিদ্ধ হন।
গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ইউসুফ আলী মারা যান।
অপর দুইজন বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গুলিবর্ষণের ঘটনায় তিনজন আহত হন।
তাদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, রাত সাড়ে ১১টার দিকে ইউসুফ আলীসহ কয়েকজন স্থানীয় ব্যক্তি ওই এলাকায় অবস্থান করছিলেন।
এ সময় তিনজন অস্ত্রধারী সেখানে এসে হঠাৎ এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে ইউসুফ আলী, নালাম সরদার ও মনির হোসেন গুলিবিদ্ধ হন।
গুলিবর্ষণের পর হামলাকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাদের একজনকে ধাওয়া করে আটক করেন।
পরে তাকে মারধরের পর পুলিশের কাছে সোপর্দ করা হয়।