ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● হজ্বের টিকিট দেয়ার নামে সোয়া ২ কোটি টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেফতার ● ফেনী বিএনপির দু'পক্ষের সংঘর্ষে একজনের কবজি বিচ্ছিন্ন,আহত ২০ ● যশোরে সাড়ে তিন কোটি টাকার সোনারবারসহ ৩ পাচারকারী আটক ● চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের চেষ্টাকালে আটক ২০ ● ইইউ বাজেট নিয়ে লে পেন ও মাখোর মধ্যে মতবিরোধ ● যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন ● বিএনপি, শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ও সুলতান সালাহউদ্দিন টুকু সহ ৫ জনকে নিয়ে বিশেষটিম গঠন ● শুক্র ও শনিবার ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ● রাজধানী ওয়ারীতে হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, এমডিসহ আহত ২ জন ● এক সফরে এত বার্তা স্পিকারের বক্তব্যে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন আলোচনা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
ব্রাসেলসে অনুষ্ঠিত ইইউ শীর্ষ সম্মেলনে

ইইউ বাজেট নিয়ে লে পেন ও মাখোর মধ্যে মতবিরোধ

আ জা আন্তর্জাতিক ডেক্স

প্রকাশ : শুক্রবার, ২৭ নভেম্বর,২০২৬, ০৫:২১ পিএম
ইইউ বাজেট নিয়ে লে পেন ও মাখোর মধ্যে মতবিরোধ

ফ্রান্সের ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগেই ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পরবর্তী মেয়াদের বাজেট চূড়ান্ত করার উদ্যোগের সমালোচনা করায় কট্টর ডানপন্থী নেতা মারিন লে পেনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাঁখো।

বৃহস্পতিবার ২৬ নভেম্বর  তিনি লে পেনের এমন সমালোচনাকে ‘অহংকার’ বলে আখ্যায়িত করেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।

ব্রাসেলসে অনুষ্ঠিত ইইউ নেতাদের শীর্ষ সম্মেলনে ২০২৮ থেকে ২০৩৪ সাল পর্যন্ত সাত বছরের বাজেট নিয়ে গভীর মতপার্থক্য দূর করা সম্ভব হয়নি।

১২ ঘণ্টারও বেশি সময় ধরে আলোচনা চলার পর কোনো সমঝোতা ছাড়াই সম্মেলন শেষ হয়। নেতারা শুধু এ বিষয়ে একমত হয়েছেন যে, চলতি বছরের শেষ নাগাদ বাজেট চূড়ান্ত করা কঠিন হবে।

সম্মেলন শেষে সাংবাদিকদের জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস বলেন, ‘আমরা এখনো লক্ষ্যে পৌঁছাতে পারিনি।’

তবে আগামী ১৭ ডিসেম্বর নেতারা আবার বৈঠকে বসলে সমঝোতায় পৌঁছানোর আশা তিনি এখনো ছাড়েননি।

বাজেট নিয়ে সমঝোতা না হলে ইউরোপের বিভিন্ন দেশে একের পর এক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বছরজুড়ে এ আলোচনা গড়াতে পারে।

এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্রান্সের নির্বাচন। বিষয়টি নিয়ে উত্তেজনা আরও বাড়িয়েছেন মাঁখো।

তিনি হুঁশিয়ারি দিয়েছেন, এমন পরিস্থিতি তৈরি হলে আলোচনা থেকে সরে আসতে পারেন।

আগামী বসন্তে মাঁখোর উত্তরসূরি হওয়ার দৌড়ে বর্তমানে এগিয়ে থাকা লে পেন সামাজিক যোগাযোগমাধ্যমে বাজেট চূড়ান্ত করার উদ্যোগের সমালোচনা করে একে ‘ফরাসি জনগণের গণতান্ত্রিক রায় ঠেকানোর অসৎ রাজনৈতিক কৌশল’ বলে উল্লেখ করেন।

সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় লে পেনের সমালোচনার জবাবে মাঁখো বলেন, ‘ফ্রান্সের ভবিষ্যৎ যেন তার হাতেই—এমন আচরণ করা এক অদ্ভুত ধরনের ঔদ্ধত্য।

কারণ, বাস্তবতা হলো, তিনি এখনো নির্বাচিত হননি।’

বাজেট নিয়ে এই দুই নেতার বিরোধ অবশ্য এবারই প্রথম নয়।

গত মাসেও লে পেনকে ‘বিনয়ী থাকার’ পরামর্শ দিয়েছিলেন মাখো।

সে সময় লে পেন ইউক্রেনকে ফ্রান্সের সহায়তা এবং ইউরোপীয় ইউনিয়নে দেশটির আর্থিক অবদান কমানোর পরিকল্পনা তুলে ধরেছিলেন।

বাজেট কমানো নিয়ে মতবিরোধ:

২০২৬ সালের প্রায় পুরোটা সময় ধরেই ইইউর দীর্ঘমেয়াদি বাজেটের আকার নিয়ে সদস্যদেশগুলোর মধ্যে মতবিরোধ চলছে।

ইউরোপীয় কমিশন দুই ট্রিলিয়ন ইউরোর ব্যয়ের প্রস্তাব দেওয়ার পর অধিকাংশ সদস্যদেশই এর বিরোধিতা করে।

সর্বশেষ প্রস্তাবে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা বাজেট ২০৪ বিলিয়ন ইউরো (প্রায় ২২৪ বিলিয়ন ডলার) কমানোর পাশাপাশি ডিজিটাল কোম্পানিগুলোর ওপর কর আরোপের প্রস্তাব দেন।

সদস্যদেশগুলোর মধ্যে মতপার্থক্য দূর করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছিল।

আলোচনার আগে নেতাদের সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানিয়েছিলেন কস্তা। তবে শেষ পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি।

একদিকে জার্মানি ও নেদারল্যান্ডসের মতো প্রভাবশালী দেশসহ ‘সাশ্রয়ী’ হিসেবে পরিচিত কয়েকটি দেশ বাজেটের আকার আরও ছোট করার পক্ষে অবস্থান নিয়েছে।

নিজেদের এ জোটের নাম দিয়েছে ‘সেন্সিবল সেভেন’ বা ‘বিচক্ষণ সাত’।

সম্মেলনের পর সাংবাদিকদের মের্ৎস জানান, বাজেট কমানোর জন্য জার্মানি চাপ অব্যাহত রাখবে।

একই অবস্থানে থাকা কয়েকটি দেশ সম্মেলনের শেষ পর্যায়ের বৈঠকগুলোতেও অংশ নেয়নি। এর মাধ্যমে চলমান আলোচনা প্রক্রিয়ার প্রতি তাদের অসন্তোষ প্রকাশ পেয়েছে।

অন্যদিকে ‘ফ্রেন্ডস অব কোহেশন’ বা ‘সংহতির বন্ধু’ জোটের ১৭টি দক্ষিণ, মধ্য ও পূর্ব ইউরোপীয় দেশ কৃষি ও আঞ্চলিক উন্নয়নে আরও বেশি অর্থ বরাদ্দের দাবি জানিয়েছে।

এ সময় সম্মেলনস্থলের বাইরে শত শত কৃষকও বিক্ষোভ করেন।

তবে সম্মেলন শেষে সংবাদ সম্মেলনে কস্তা সদস্যদেশগুলোর মতপার্থক্যকে তেমন গুরুত্ব দিতে চাননি।

তিনি বলেন, বাজেট আলোচনার প্রক্রিয়ায় এটি ছিল ‘একটি প্রয়োজনীয় পদক্ষেপ’।

এক ইইউ কূটনীতিকও বলেন, ‘প্রত্যেককেই দেখাতে হয়েছে যে তারা একমত নয়।

পাশাপাশি কিছুটা রাজনৈতিক নাটকও করতে হয়েছে।’ বাজেট কমানোর এই দাবি ফ্রান্সের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে।

দেশটি কৃষকদের জন্য আরও বেশি অর্থ বরাদ্দ চায়। একই সঙ্গে ফ্রান্সের অবস্থান, ইউরোপের সামনে ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলায় আরও বড় বাজেট প্রয়োজন।

সাংবাদিকদের মাখো বলেন, বাজেট কমানো একটি ‘কৌশলগত ভুল’। এতে চীন ও যুক্তরাষ্ট্রের মতো অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বীদের সমপর্যায়ে বিনিয়োগ করার ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের সক্ষমতা বাধাগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে।

বাজেট আলোচনা ঘিরে ফ্রান্সের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এক ইইউ কূটনীতিক বলেন, ‘লে পেনের সম্ভাব্য বিজয় এবং এর পরিণতির বিষয়টি সবার মনেই সব সময় ঘুরপাক খাচ্ছে।’

তবে কয়েকজন ইউরোপীয় নেতা এ ধারণার বিরোধিতা করেছেন। অস্ট্রিয়ার চ্যান্সেলর ক্রিশ্চিয়ান স্টকার বলেন, ফ্রান্সের নির্বাচন নিয়ে তিনি ‘নিশ্চিতভাবেই ভীত নন’।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও বলেন, বাজেট চুক্তিতে পৌঁছানোর জন্য কোনো কঠোর সময়সীমা আছে বলে তিনি মনে করেন না।

ইউক্রেনের জন্য অর্থায়ন নিয়েও বিরোধ:

বাজেট নিয়ে এমনিতেই জটিল আলোচনা চলছিল। এর মধ্যে ইউক্রেনকে অর্থায়নের বিষয়ে সমঝোতার সঙ্গে বাজেট চুক্তিকে যুক্ত করে পরিস্থিতি আরও জটিল করে তুলেছেন জার্মান চ্যান্সেলর মের্ৎস।

২০২৭ সাল পর্যন্ত ইউক্রেনের অর্থায়ন অব্যাহত রাখতে দেশটিকে অতিরিক্ত ৪৫ বিলিয়ন ইউরো (প্রায় ৪৯ বিলিয়ন ডলার) ঋণ দেওয়ার প্রস্তাবে ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্যদেশের সমর্থন চাওয়া হচ্ছে।

তবে চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি ও স্লোভাকিয়া এ ঋণ কর্মসূচি থেকে নিজেদের অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছে।

গত বছরও একই ধরনের বড় ঋণ কর্মসূচি থেকে নিজেদের সরিয়ে রেখেছিল দেশ তিনটি।

সাধারণত ইউরোপীয় ইউনিয়নের তহবিল থেকে এসব দেশ নিট সুবিধাভোগী।

তবে মের্ৎস আবারও জানিয়েছেন, এ বিষয়ে কোনো ছাড় দিতে তিনি রাজি নন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)