| সংবাদ শিরোনাম: |
বিমানবন্দরে সাংবাদিকদের হেনস্তা: দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এনসিপির নির্দেশ জাতিসংঘ সফর শেষে দেশে ফেরা দলের শীর্ষ নেতাদের অভ্যর্থনার সময় বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগকে কেন্দ্র করে তোলপাড় তৈরি হয়েছে। ঘটনা তদন্তে নেমে অভিযুক্তদের শনাক্ত করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগে দায়ীদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বৃহস্পতিবার, ২ অক্টোবর, এক বিবৃতিতে দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন বিষয়টি নিশ্চিত করেন। বিবৃতিতে বলা হয়, "আপনারা জানেন চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে ‘বাংলা বসন্ত’ চলছে।
এরই ধারাবাহিকতায় আফ্রিকার কয়েকটি দেশেও আমরা জেন-জিদের দুর্নীতির বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে জেগে উঠতে দেখছি। এই ঘটনাগুলো বৈশ্বিক রাজনীতিতেই নতুন বার্তা বহন করছে।" উল্লেখ করা হয়, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে মাননীয় প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে বিদেশে গিয়েছিলেন। সফরকালে তারা বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে ‘বাংলা বসন্ত’ এবং জেন-জিদের রাজনৈতিক ভাবনা, ভবিষ্যৎ কৌশল ও উদ্দেশ্য তুলে ধরেন। "
আজ তারা দেশে ফেরার পর গ্লোবাল লিডারশিপের এসব জায়গায় আমাদের সম্ভাবনা, অর্জন ও চ্যালেঞ্জগুলো সম্পর্কেই মূলত সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আপনাদের কাছে তুলে ধরার কথা ছিলো।
কিন্তু এরই মধ্যে সাংবাদিকদের সঙ্গে এনসিপির নেতাকর্মীদের বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে। যা একই সঙ্গে দুঃখজনক ও নিন্দনীয়।" - বিবৃতিতে বলা হয়। এনসিপি জানায়, এই অনভিপ্রেত ঘটনায় দলের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে এবং সংশ্লিষ্টদের শনাক্ত করার কাজ চলছে। যথাযথ প্রমাণের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
দলের বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, “নতুন বাংলাদেশ গঠনের যাত্রায় সাংবাদিক ভাই ও বোনেরা আমাদের অবিচ্ছেদ্য অংশীদার। এই পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক নষ্ট হয় এমন আচরণ এনসিপি কখনোই মেনে নেবে না। ভবিষ্যতে দল আরও সতর্ক থাকবে এবং সংবাদকর্মীদের সঙ্গে সৌহার্দ্য বজায় রাখতে কার্যকর পদক্ষেপ নেবে।” বিবৃতির শেষ অংশে গণঅভ্যুত্থানের পর থেকে সাংবাদিকদের অবিচ্ছিন্ন সহায়তা ও পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলা হয়, “গণঅভ্যুত্থান পরবর্তী সময় থেকে সার্বক্ষণিক ভাবে পাশে থাকার জন্য সব সাংবাদিক ভাই বোনদের প্রতি এনসিপির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
আগামীতে একই ভাবে আপনাদেরকে এনসিপির পাশে পাবো; এই আশাবাদ ব্যক্ত করছি।”